এবার জাহাজ না চালানোর সিদ্ধান্ত মালিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজুরি বাড়ানো নিয়ে শুরু হওয়া শ্রমিক ধর্মঘট প্রত্যাহারের এক দিন পর এবার পণ্যবাহী নৌযান মালিকদের সংগঠন জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা গতকাল বুধবার বিকেলে রাজধানীর বিজয়নগরে এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান। তাঁরা অভিযোগ করেছেন, শ্রমিকদের মজুরি বাড়ানোর সিদ্ধান্ত ‘চাপিয়ে’ দেওয়া হয়েছে।
ওই বৈঠকের পর গতকাল বিকেল থেকে নদীপথে পণ্য পরিবহন বড় অংশই আবার বন্ধ হয়ে যায়। তবে সিমেন্ট শিল্পমালিকদের নিয়ন্ত্রণে থাকা দুই শতাধিক জাহাজে পণ্য পরিবহন ও খালাসের কাজ হচ্ছে।
মজুরি বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে গত বুধবার রাত ১২টা থেকে শুরু হওয়া নৌযানশ্রমিকদের ধর্মঘট গত মঙ্গলবার রাত ১০টায় স্থগিত করা হয়। তবে নৌযান মালিকদের প্রতিনিধিরা মজুরি বাড়ানোর বিষয়েও বৈঠকে একমত হননি বলে জানা গেছে।
কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি খোরশেদ আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবার বৈঠকে মজুরি বাড়ানোর সিদ্ধান্ত আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়। এত মজুরি দিয়ে জাহাজ পরিচালনা করে লোকসান গুনতে হবে। এ কারণে জাহাজ না চালানোর সিদ্ধান্ত হয়েছে।’