এবার জিজ্ঞাসাবাদ চাচাতো ভাইকে, ক্ষুব্ধ তনুর বাবা

কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার ঘটনায় এবার তাঁর চাচাতো ভাই অষ্টম শ্রেণিতে পড়ুয়া মিনহাজ হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।
মিনহাজকে তাদের গ্রামের বাড়ি মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে টানা দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক গাজী মোহাম্মদ ইব্রাহীম। এরপর মিনহাজের বড় বোন লাইজু জাহান ও তনুর ছোট ভাই আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়।
পারিবারিক সূত্র জানায়, মিনহাজ কুমিল্লা সেনানিবাসের ভেতরে তনুদের বাসায় থেকে পড়ালেখা করত। গতকাল তার কাছে সিআইডি জানতে চায়, তনু যেদিন খুন হন, সেদিন (২০ মার্চ) সন্ধ্যা ছয়টায় ওই বাসার একটি ফোন নম্বরে কোনো কল এসেছিল কি না। বাসায় ওই দিন কারা কারা এসেছিল। পরে মিনহাজের বড় বোন লাইজু জাহানকেও জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তা।
বেলা দুইটায় জিজ্ঞাসাবাদ শেষে মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লা সেনানিবাসে তনুদের বাসায় যান এবং তনুর ছোট ভাই আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদ করেন। আনোয়ার হোসেন প্রথম আলোকে বলে, ‘মামলার আইও এসে আমাদের দু-একটা প্রশ্ন করেছেন। তনু হত্যার আগ পর্যন্ত মিনহাজ আমাদের বাসায় ছিল। সে কুমিল্লা সেনানিবাসের বাইরে অবস্থিত করিমাবাদ মডার্ন হাইস্কুলের ছাত্র ছিল। তনু হত্যার পর থেকে মিনহাজ আর এখানে পড়ে না। সে গ্রামের বাড়িতে চলে গেছে। ওখানকার বিষ্ণুপুর উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে ভর্তি হয়েছে।’
এর আগে গত ২০ এপ্রিল তনুর চাচা, চাচি, তাঁর গ্রাম এলাকার একজন ইউনিয়ন পরিষদের সদস্য ও তনুর বন্ধুর বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারও আগে তনুর বাবা, মা ও ভাই, চাচাতো বোনকে জিজ্ঞাসাবাদ করা হয়।
পরিবারের সদস্যদের বারবার জিজ্ঞাসাবাদ করায় ক্ষুব্ধ তনুর বাবা ইয়ার হোসেন। তিনি গতকাল প্রথম আলোকে ‘তদন্ত কর্মকর্তা পরিবারের কনিষ্ঠ সদস্যদের উল্টাপাল্টা প্রশ্ন করে বিভ্রান্ত করছেন। মতিগতি বেশি ভালো না।’
এ প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা গাজী মোহাম্মদ ইব্রাহীম প্রথম আলোকে বলেন, মামলার তদন্তের স্বার্থে তনুর চাচাতো ভাইকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হবে। এটি ‘রুটিন ওয়ার্ক’।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু ২০ মার্চ খুন হন। ওই দিন রাতে ময়নামতি সেনানিবাসের ভেতর একটি ঝোপ থেকে তাঁর লাশ উদ্ধার করে।