এবার জিডিপির প্রবৃদ্ধি ৬.৭ শতাংশে দাঁড়াবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘বিগত সরকারের আমলে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করলে একটি দেশও অংশ নিত না। এখন বাংলাদেশের কোনো দরপত্রে পৃথিবীর অনেক দেশ অংশ নেয়। এটাই প্রমাণ করে, দেশে আগে দুর্নীতির বিস্তার কত ভয়াবহ ছিল। এখন দুর্নীতি কমে আসছে। বিদেশিরাও বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হচ্ছে। এবার জিডিপি প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়ে ৬ দশমিক ৭ শতাংশে গিয়ে দাঁড়াবে।’ গতকাল শনিবার সকালে ‘মহাজোট সরকারের দুই বছরে সিলেটে উন্নয়ন উদ্যোগ’ শীর্ষক সংবাদ সম্মেলনের বক্তৃতায় তিনি এ কথা বলেন।সিলেট নগরের ধোপাদীঘিরপাড় এলাকায় হাফিজ কমপ্লেক্সে সকাল ১০টায় সংবাদ সম্মেলন হয়। অর্থমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি-সংকট অনেকটা কমে এসেছে। আমরা কৃষিতে নির্ভরশীলতা অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’সিলেটে সড়ক যোগাযোগ উন্নয়নে ৪০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘যোগাযোগের ক্ষেত্রে নৌ, রেল ও সেতুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমি অপরিকল্পিতভাবে কিছু করতে চাই না। যাই করব, আগে পরিকল্পনা করেই সুষ্ঠুভাবে করব।’ রেল যোগাযোগ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘দেশের রেল যোগাযোগের করুণ অবস্থা বিরাজ করছে। এ অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। রেল ভ্রমণকে মানুষের কাছে জনপ্রিয় করে তুলতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। রেলওয়ের উন্নয়নে নেওয়া প্রকল্পগুলো বাস্তবায়ন হলেই রেল যোগাযোগে সুদিন ফিরে আসবে বলে আশা করছি।’ সিলেটে ক্রীড়াঙ্গনের উন্নয়ন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘সিলেট বিভাগীয় স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ ক্রিকেট স্টেডিয়ামে রূপান্তর করা হচ্ছে। সিলেটের মেন্দিবাগ-মাছিমপুর এলাকায় একটি আধুনিক ইনডোর স্টেডিয়াম ও সুইমিংপুল করা হবে।’সংবাদ সম্মেলনে সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ন ম শফিকুল হক, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।