এবার জিপিএ-৫ কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছরের ব্যবধানে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার সংখ্যা কমেছে ১৬ হাজার ৫২ জন। এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৬ হাজার ৯৪৫ জন। আগেরবার পেয়েছিল ১ লাখ ৫২ হাজার ৯৯৭ জন।
পাসের হারে খুব একটা তারতম্য নেই। এবার পাসের হার ৮৯ দশমিক ৮৫ শতাংশ। গতবার ছিল ৮৯ দশমিক ৭১ শতাংশ।
গতকাল প্রকাশ হওয়া এ ফল আগের বারের সঙ্গে তুলনা করে দেখা গেছে, ২০১০ সালে জেএসসি পরীক্ষা চালুর পর থেকে প্রতিবছরই জিপিএ-৫-এর সংখ্যা বেড়ে চলেছে। এমনকি গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী প্রায় সাড়ে তিন গুণ বেড়ে হয় এক লাখ ৫২ হাজার ৯৯৭ জন। এবারই প্রথম কমল।
গতকাল সকাল নয়টার দিকে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে ধরেন। এরপর বেলা সাড়ে ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী।
গত ৭ নভেম্বর শুরু হয়েছিল এ পরীক্ষা। ২ নভেম্বর থেকে পরীক্ষা শুরুর কথা থাকলেও হরতালের কারণে তা পেছানো হয়।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার জেএসসিতে অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ছিল ১৭ লাখ ২৯ হাজার ৯৩১ জন। এর মধ্যে পাস করেছে ১৫ লাখ ৫৪ হাজার ৪২৭ জন।
জেএসসির পাশাপাশি মাদ্রাসা বোর্ডের অধীন জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলও গতকাল প্রকাশিত হয়েছে। জেডিসিতে পাসের হার ৯৩ দশমিক ৫০ শতাংশ। আর জেএসসি ও জেডিসি মিলিয়ে গড় পাসের হার ৯০ দশমিক ৪১ শতাংশ।
ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবীর প্রথম আলোকে বলেন, এবারই সম্পূর্ণ কাগজবিহীন ফল প্রকাশ করা হয়। বিদ্যালয়গুলো নির্ধারিত পদ্ধতিতে ওয়েবসাইট ও মেইল থেকে ফল সংগ্রহ করে শিক্ষার্থীদের জানিয়েছে।
বিদ্যালয়গুলোতে বেলা ১১টার পর থেকেই ফল প্রকাশ হতে থাকে। পাশাপাশি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে ফল জেনেছে। ফল প্রকাশের সঙ্গে চিরাচরিতভাবে বিদ্যালয়গুলোতে ছিল আনন্দ-উল্লাস।
আগের বছরের ফলাফল তুলনা করে দেখা গেছে, এবার রাজধানীর রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড প্রথম হওয়ায় হারানো গৌরব ফিরে পেয়েছে। গত বছর এ প্রতিষ্ঠানটি প্রথম থেকে তৃতীয় হয়েছিল। আর শীর্ষস্থান দখল করে নিয়েছিল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। এবার ভিকারুননিসা প্রথম থেকে দ্বিতীয় হয়েছে। আর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ দ্বিতীয় অবস্থান থেকে তৃতীয় অবস্থানে নেমেছে। তবে ঘুরে-ফিরে এ তিনটি প্রতিষ্ঠানই প্রথম থেকে তৃতীয় হচ্ছে।
জেএসসিতে এবার সারা দেশে ৮ হাজার ৮৮৯টি বিদ্যালয় থেকে সব শিক্ষার্থী পাস করেছে। গতবারের চেয়ে এই সংখ্যাটি প্রায় দ্বিগুণ। গত বছর এ ধরনের বিদ্যালয় ছিল চার হাজার ৯৯৭টি। এবার ৪৯টি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। গত বছর এ ধরনের বিদ্যালয় ছিল ৫৭টি।
এবার আট বোর্ডে পাসের হারে ছাত্ররা সামান্য এগিয়ে। জেএসসিতে ছাত্রদের পাসের হার ৯০ দশমিক ২৮ শতাংশ। আর ছাত্রীদের পাসের হার ৮৯ দশমিক ৮৫ শতাংশ। এবার ৭৫ হাজার ২১১ জন ছাত্রী ও ৬১ হাজার ৭৩৪ ছাত্র জিপিএ-৫ পেয়েছে।
এবারও বরিশাল শীর্ষে: পাসের হারের দিক বিবেচনায় এবারও গত দুই বছরের মতো শীর্ষ অবস্থান ধরে রেখেছে বরিশাল বোর্ড। এবার এই বোর্ডে পাসের ৯৭ দশমিক ৯২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২৮৫ জন। গতবার পেয়েছিল ১০ হাজার ৭৬৩ জন।
গত বছরের মতো এবারও সবার শেষে অবস্থান করছে চট্টগ্রাম বোর্ড। এ বোর্ডে পাসের হার ৮৪ দশমিক ২৯ শতাংশ। গত বছর ছিল ৮৬ দশমিক ১৩ শতাংশ।
ঢাকা শিক্ষা বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ৪৬ হাজার ১৮৮ জন, পাসের হার ৮৫ দশমিক ৩৬ শতাংশ। রাজশাহী বোর্ডে পাসের হার প্রায় ২ শতাংশ বেড়ে হয়েছে ৯৫ দশমিক ৩২ শতাংশ। এবার জিপিএ-৫ ৩ হাজার ৮৩ জন বেড়ে হয়েছে ২৩ হাজার ৬০৬ জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ৭৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ২৬৪ জন।
যশোর বোর্ডে পাসের হার ৯১ দশমিক ৯৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৬৮৫। সিলেট বোর্ডে পাসের হার ৯১ দশমিক ৫৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ১০ জন এবং দিনাজপুর বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১০ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৪২০ জন।
বিদেশের কেন্দ্রে প্রায় শতভাগ পাস: ঢাকা বোর্ডের অধীন বিদেশের আটটি কেন্দ্রে ৫০১ জন পরীক্ষা দিয়ে ৪৯৭ জনই পাস করেছে। পাসের হার ৯৯ দশমিক ২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩৮ জন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন প্রমুখ।