এবার জিয়া চ্যারিটেবল মামলায় আদালত বদলের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় এবার আদালত বদলের আদেশ চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা এ আবেদন করেন। এর আগে রোববার খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির অপর মামলাটিও ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত থেকে অন্য আদালতে বদলির আদেশ দেন হাইকোর্ট।

খালেদা জিয়ার আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাটি ঢাকার বিশেষ জজ-৩ আদালতে বিচারাধীন। এ আদালত থেকে মামলাটি অন্য আদালতে বদলির আদেশ চেয়ে আবেদন করা হয়েছে। চলতি সপ্তাহে ওই আবেদনের ওপর শুনানি হতে পারে।

এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৩ থেকে অন্য আদালতে বদলির জন্য খালেদা জিয়া আবেদন করেছিলেন। এর শুনানি নিয়ে গত ৮ মার্চ হাইকোর্ট মামলাটি ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে বদলির আদেশ দিয়েছিলেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে দুদক মামলাটি করে ২০১১ সালের ৮ আগস্ট। তেজগাঁও থানায় করা এ মামলায় খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় দুদক। আর জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এ মামলা করে দুদক।