পিরোজপুরের জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনকে বদলি করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে বরিশালের বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি আদেশ জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছায়।
পিরোজপুরের জেলা প্রশাসক খায়রুল আলম সেখ বলেন, প্রশাসনিক কারণে জিয়ানগর ইউএনও জাকির হোসেনকে বরগুনার বামনায় বদলি করা হয়েছে। এর আগে সোমবার জিয়ানগর উপজেলার ইন্দুকানি থানার ওসিকে প্রত্যাহার করে পিরোজপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে জিয়ানগর উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন জিয়ানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদ সাঈদী। তিনি মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু সাজাপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে। ওই অনুষ্ঠানে ইউএনও ও ওসি উপস্থিত ছিলেন।