এবার জেএমবির আরেক সদস্যের জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের সদরঘাটে গত মাসে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্য। গতকাল রোববার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর হাকিম নুরে আলম ভূঁইয়ার খাসকামরায় জবানবন্দি দেন জেএমবির সদস্য বুলবুল আহমেদ ওরফে ফুয়াদ।
এর আগে গত শনিবার জেএমবির আরেক সদস্য মিনহাজুল ইসলামও তহবিল সংগ্রহের জন্য সদরঘাটে ছিনতাই করার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন।
গত ২৩ সেপ্টেম্বর রাতে চট্টগ্রামের সদরঘাটে ছিনতাইয়ের সময় গ্রেনেড বিস্ফোরণে দুই জঙ্গি নিহত হন। এ সময় জঙ্গিদের গুলিতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপকও মারা যান। তবে ছিনতাই করা টাকা নিয়ে যেতে পারেননি জঙ্গিরা। এ মামলার তদন্ত করতে গিয়ে ৫ অক্টোবর কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে গ্রেনেড, অস্ত্র, গুলিসহ পাঁচ জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে জেএমবি চট্টগ্রামের ‘সামরিক প্রধান’ জাবেদও ছিলেন। পরদিন তাঁকে নিয়ে নগরের অক্সিজেনের অনন্যা আবাসিক এলাকায় গ্রেনেড উদ্ধারে যায় পুলিশ। সেখানে সহযোগীদের ছোড়া গ্রেনেড বিস্ফোরণে জাবেদ নিহত হন বলে পুলিশ দাবি করে। সদরঘাট থানার ছিনতাইয়ের মামলায় ফুয়াদসহ চার জেএমবি সদস্যকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে নগর ডিবি পুলিশ। তাঁদের মধ্যে ফুয়াদ গতকাল আদালতে জবানবন্দি দেন। বাকিদের অন্য মামলায় জিজ্ঞাসাবাদ চলছে।