এবার ঝিনাইদহে জনতার হাতে বাঁশ তুলে দিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি প্রতিরোধের জন্য এবার ঝিনাইদহে সমাবেশ করে জনগণের হাতে বাঁশের লাঠি ও বাঁশি তুলে দিয়েছে পুলিশ। পুলিশ বলছে, লাঠি হাতে তুলে দেওয়ার ফলে মানুষের মনোবল বৃদ্ধি পাবে। তারা সম্মিলিতভাবে জঙ্গি প্রতিরোধ করতে পারবে।
গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে কয়েকটি গ্রামের বাসিন্দাদের হাতে লাঠি তুলে দেন পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মনির-উজ-জামান। ৭ জুন নলডাঙ্গায় পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে সন্ত্রাসীরা কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। পরে ওই হত্যার দায় স্বীকার করে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
নলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গতকালের এই জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সমাবেশে মনির-উজ-জামান বলেন, আনসারুল্লাহ বাংলা টিম, হিযবুত তাহ্রীর কিংবা জেএমবি, যে নামেই এই অঞ্চলের মানুষ হত্যা করা হোক না কেন, এর মূলে রয়েছে জামায়াত-শিবির। তিনি স্থানীয় লোকজনের উদ্দেশে বলেন, ‘আপনারা সজাগ থাকবেন। অপরিচিত কাউকে দেখলে সন্দেহ করবেন। যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকবে, তাদের সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে।’
ডিআইজি মনির-উজ-জামান আরও বলেন, সন্ত্রাসী ও জঙ্গিদের বিস্তারিত তথ্য পুলিশের কাছে আছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিহত করতে দেশের বিভিন্ন স্থানে বাঁশের লাঠি ও বাঁশি দেওয়া হচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে পুলিশ জঙ্গিবাদ প্রতিরোধের উদ্যোগ নিয়েছে।
ঝিনাইদহ জেলা পুলিশ ও সচেতন জনতার ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার আলতাফ হোসেন। আরও বক্তৃতা করেন র্যাব-৬-এর খুলনা বিভাগের কমান্ডিং অফিসার খন্দকার রফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির, খুলনার পুলিশ সুপার হাবিবুর রহমান, মাগুরার পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ, চুয়াডাঙ্গার পুলিশ সুপার রশিদুল আলম, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি কনক কান্তি দাস অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানে স্থানীয় লোকজনের মাঝে লাঠি ও বাঁশি বিতরণ করা হয়।
এর আগে যশোর, মেহেরপুর ও চুয়াডাঙ্গায়ও একইভাবে জনতার হাতে লাঠি ও বাঁশি তুলে দিয়েছে পুলিশ।