এবার টুইটার স্কাইপ ও ইমো বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ইন্টারনেট যোগাযোগমাধ্যম টুইটার, স্কাইপ ও ইমো বন্ধ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। দেশের সব মোবাইল অপারেটর, ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ও ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েকে (আইআইজি) গতকাল রোববার রাতে এক ই-মেইল বার্তায় এ নির্দেশ দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে বিটিআরসি ও মোবাইল অপারেটরের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে যোগাযোগ করা হলে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, এ ধরনের কোনো নির্দেশ দেওয়া হয়নি।
বিটিআরসি থেকে পাঠানো ই-মেইল বার্তায় বলা হয়, ভাইবার ও অন্যান্য যোগাযোগমাধ্যমের পাশাপাশি স্কাইপ, ইমো ও টুইটার আপনার নেটওয়ার্ক থেকে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের এ নির্দেশ বলবৎ থাকবে।
সরকারের নির্দেশনায় বাংলাদেশে ২২ দিন বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার ইন্টারনেটে জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক খুলে দেওয়া হয়। তবে খুলে দেওয়া হয়নি ইন্টারনেট যোগাযোগমাধ্যম ভাইবার, হোয়াটসঅ্যাপ। এর তিন দিনের মাথায় এবার টুইটার, স্কাইপ ও ইমো বন্ধ করার নির্দেশনা এল।