এবার ট্যাক্সিক্যাবের পার্কিং ও স্ট্যান্ড চায় তমা ও ট্রাস্ট
এবার রাজধানী ঢাকার রাস্তায় নতুন নামা তমা ও ট্রাস্ট ট্যাক্সিক্যাবের জন্য পার্কিং ও স্ট্যান্ড চেয়েছে তমা কনস্ট্রাকশন ও আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট। নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই পার্কিং ও স্ট্যান্ড চেয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) প্রতিষ্ঠান দুটি চিঠি পাঠিয়েছে।
চিঠিগুলো বিআরটিএ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় হয়ে স্থানীয় সরকার বিভাগে আছে। ঢাকায় বর্তমানে এই দুই প্রতিষ্ঠানের মোট ৩৬৮টি ট্যাক্সিক্যাব চলছে। ঢাকা ও চট্টগ্রামে ৬৫০টি ট্যাক্সিক্যাব চালানোর জন্য তমা কনস্ট্রাকশন ও আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের সঙ্গে গত বছরের জুলাই মাসে চুক্তি করে বিআরটিএ। চলতি বছরের এপ্রিলে চলাচলকারী অন্য ট্যাক্সিক্যাবের চেয়ে বেশি ভাড়া নির্ধারণ করা এই ট্যাক্সিক্যাব সার্ভিস চালু করা হয়।
প্রতিষ্ঠান দুটি সম্প্রতি বিআরটিএতে ওই চিঠি পাঠায়। এ বিষয়ে জানতে চাইলে বিআরটিএর চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘ট্যাক্সিক্যাব রাখার জন্য তমা কনস্ট্রাকশন ও আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট পার্কিং স্থান ও স্ট্যান্ড চেয়েছে। যদিও দরপত্রপ্রক্রিয়ায় অংশগ্রহণের সময় তারা বিষয়টি বলেনি। এখন বলছে, পার্কিং করতে না পারায় তাদের ব্যবসায়িক ক্ষতি হচ্ছে। এ ব্যাপারে আমরা সিটি করপোরেশন ও ঢাকা মহানগর পুলিশকে বলেছি। বিমানবন্দরেও তারা গাড়ি রাখতে পারছে না। গণপরিবহন রাখায় জায়গা তো সিটি করপোরেশনের করে দেওয়া উচিত।’ তিনি বলেন, একমাত্র সরকারের অনুমতি নিয়ে এই দুই প্রতিষ্ঠানের ট্যাক্সিক্যাব ঢাকায় চলছে। অন্য সব অবৈধ।
বিআরটিএ ওই চিঠি দুটি পাঠায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে। মন্ত্রণালয় সূত্র জানায়, ওই দুই প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তিতে পার্কিংয়ের স্থান বা স্ট্যান্ড দেওয়ার বিষয়ে উল্লেখ নেই। নগরে এর আগে চলাচল করা ট্যাক্সিক্যাবগুলো নির্দিষ্ট পার্কিং বা স্ট্যান্ড চায়নি। সেগুলোর এসব ছিল না, এখনো নেই। কিন্তু ট্যাক্সিক্যাব নামানোর ছয় মাস পর তমা ও ট্রাস্ট পার্কিং ও স্ট্যান্ড চেয়েছে। একটিকে দিলে অন্যরাও তা চাইতে পারে। তাদের চিঠির পরিপ্রেক্ষিতে এর পরও মন্ত্রণালয় এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে।
স্থানীয় সরকার বিভাগ এ বিষয়ে নথি তৈরি করেছে বলে জানা গেছে। নথিতে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিটি করপোরেশনের প্রতি নির্দেশনা রয়েছে। তবে স্থানীয় সরকারসচিব মনজুর হোসেন এ বিষয়ে গত শনিবার প্রথম আলোকে বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না। আর জায়গা চাইলেও তাঁদের পক্ষে দেওয়া সম্ভব নয়। রাস্তায় পার্কিংয়ের বিষয়টি পুলিশ ভালো বলতে পারবে।
বিআরটিএতে পাঠানো তমার চিঠিতে ট্যাক্সিক্যাবের পার্কিং স্থান ও স্ট্যান্ড দেওয়ার অনুরোধ জানিয়ে বলা হয়, রাস্তায় বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের হয়রানি, মামলা, রেকার ও ডাম্পিংয়ের কারণে যাত্রীসেবার কার্যক্রম চালানো দুরূহ হয়ে উঠেছে। বিআরটিএর অনুমোদন ছাড়া বেশ কিছু প্রাইভেট কার রেন্ট-এ কারের নামে অবৈধভাবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবাধে পার্কিং করে যাত্রী পরিবহন করছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বৈধভাবে চালু করা ট্যাক্সিক্যাবের প্রবেশাধিকার দিচ্ছে না। এ ব্যাপারে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে পার্কিং ও স্ট্যান্ড দেওয়ার ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়।