এবার ট্রাক্টরে স্কুলছাত্র উল্টে আহত ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বুড়িচং উপজেলায় ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়ার পথে ট্রাক্টর উল্টে ১৪ জন স্কুলছাত্র আহত হয়েছে।গতকাল সোমবার দুপুরে কুমিল্লা-বুড়িচং সড়কের খাড়াতাইয়া এলকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ছাত্ররা সবাই উপজেলার খাড়াতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। তাদের বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একইভাবে ২০১১ সালের ১১ জুলাই চট্টগ্রামের মিরসরাই উপজেলায় খেলা দেখে বাড়ি ফেরার পথে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে যায়। এতে ৪২ ছাত্রসহ ৪৪ জন নিহত হয়।আহত শিক্ষার্থী ও তাদের স্বজনেরা জানান, উপজেলার ষোলনল ইউনিয়নের ভরাসার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল বিকেলে খাড়াতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পয়াত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফুটবল খেলার প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। এতে অংশ নেওয়ার জন্য বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বেলা দুইটায় খাড়াতাইয়া বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীকে মাটি বহনকারী একটি ট্রাক্টরে উঠিয়ে রওনা দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল হাসান। ট্রাক্টরটি খাড়াতাইয়া বাগানবাড়ী এলাকায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে যানটি সড়কের পাশে উল্টে পড়ে। এতে কমপক্ষে ১৪ জন শিক্ষার্থী আহত হয়। আহত ছাত্ররা হলো ইউসুফ রানা, শাকিল মিয়া, মেহেদী, জুয়েল, হানিফ, মোয়ালেম, রামিন, সালাহউদ্দিন, সুমন, সোহেল রানা, শাখাওয়াত, মোশারফ হোসেন, তোফায়েল ও বাছির। তাদের সবার বয়স ১২ থেকে ১৩ বছর। আহত রামিন ও বাছির অভিযোগ করেন, প্রধান শিক্ষক মো. কামরুল হাসান তাঁদের ট্রাক্টরে উঠিয়ে দেন। এ ব্যাপারে গতকাল সন্ধ্যায় মুঠোফোনে কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে সংযোগটি বন্ধ পাওয়া যায়। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনা এলাকায় পুলিশ পৌঁছার আগেই ট্রাক্টরের চালক জাহাঙ্গীর হোসেন পালিয়ে যান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খোরশেদ আলম খান বলেন, এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের অবহেলা থাকলে সেটিও আমলে নেওয়া হবে। তিনি হাসপাতালে গিয়ে আহত ছাত্রদের দেখে এসেছেন। তারা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা তাঁকে জানিয়েছেন।