এবার ট্রেনের ধাক্কায় আনসার সদস্যের মৃত্যু
রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনের ধাক্কায় মোরশেদ সর্দার (৫০) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে খিলক্ষেত রেলগেটের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। মোরশেদের বাড়ি পিরোজপুর ভান্ডারিয়া থানার গুলগুনিয়া গ্রামে।
এর আগে গত সোমবার বিকেলে রাজধানী কুড়িল বিশ্বরোড-সংলগ্ন রেললাইনে মুঠোফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় মারা যান লিটন মিয়া (৩৫) নামে এক ব্যক্তি।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, মোরশেদ ইউনিক গ্রুপের কুড়িল বিশ্বরোড এলাকার একটি প্রজেক্টে আনসার সদস্য হিসেবে কাজ করতেন। সকাল ১০টার দিকে কাজ শেষ করে রেললাইনের ওপর দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা ঢাকাগামী তিতাস এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। দুপুর ১২টার দিকে ময়নাতদন্ত শেষে লাশ মোরশেদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।