এবার ড. ইউনূসের দান নিয়ে প্রশ্ন কর বিভাগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেল বিজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের আয়-ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তিনি যে অর্থ দান করেছেন, তা বিধিসম্মত হয়নি বলে মনে করছে কর বিভাগ। তবে এ নিয়ে উচ্চ আদালতে রেফারেন্স মামলা করেছেন ড. মুহাম্মদ ইউনূস।
এ অবস্থায় বিষয়টি আদালতের বাইরে নিষ্পত্তি করতে ২৯ মার্চ কর অঞ্চল-৬ কমিশনার কার্যালয়ে আলোচনার জন্য ড. ইউনূস কিংবা তাঁর প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়েছেন কর কমিশনার মেফতাহ উদ্দিন খান। গতকাল সোমবার বিকেলে এ কর অঞ্চলের ১১৪ নম্বর সার্কেল থেকে চিঠি পাঠানো হয়েছে।
এনবিআর দাবি করছে, ২০১১-১২, ২০১২-১৩ ও ২০১৩-১৪ করবর্ষে জমা দেওয়া বার্ষিক আয়কর বিবরণী অনুযায়ী যে পরিমাণ অর্থ তিনি দান করেছেন, তার ওপর কর দেননি। এনবিআরের হিসাব অনুযায়ী, দানকর বাবদ ১৫ কোটি ৩৯ লাখ টাকা জমা করেননি ড. ইউনূস। কিন্তু ড. ইউনূসের আইনজীবীরা এ দাবি না মেনে গত বছর কর ট্রাইব্যুনালে আপিল করেন। ট্রাইব্যুনালে আপিল করার শর্ত হিসেবে সে সময় সংশ্লিষ্ট কর অঞ্চলে ১ কোটি ৫৩ লাখ টাকা কর দেন ড. ইউনূস। পরে ট্রাইব্যুনাল এ আপিল খারিজ করে দেন। এরপর ৫ মার্চ ড. ইউনূসের আইনজীবীরা উচ্চ আদালতে এ-সংক্রান্ত রেফারেন্স মামলা করেন। রেফারেন্স মামলার শর্ত হিসেবে আবার দুই কোটি
সাত লাখ টাকা কর হিসেবে সংশ্লিষ্ট কর অঞ্চলে জমা দেওয়া হয়। এর ফলে ড. ইউনূসের কাছ থেকে ১১ কোটি ৭৭ লাখ টাকা দাবি করছে কর বিভাগ।
কর অঞ্চল-৬-এর কমিশনার মেফতাহ উদ্দিন খান প্রথম আলোকে বলেন, ‘বকেয়া কর কীভাবে সমঝোতার মাধ্যমে আদায় করা যায়, তা নিয়ে আলাপ-আলোচনা করতেই ওনাকে (ড. ইউনূস) কিংবা তাঁর প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। উনি করদাতা হিসেবে বেশ ভালো, নিয়মিত কর দেন। কর বিভাগকে সহায়তা করেন।’ তিনি জানান, ৫০ লাখ টাকার ওপরে যেসব করদাতার কাছে কর বকেয়া রয়েছে, তাঁদের প্রতিবছরই এ ধরনের সমঝোতা বৈঠকে ডাকা হয়। গত বছরও ড. ইউনূসের প্রতিনিধি এসে এ ধরনের সভা করেছেন।
যোগাযোগ করা হলে ড. মুহাম্মদ ইউনূসের ব্যক্তিগত কর পরামর্শক ও সাবেক কর কমিশনার মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, যে টাকা দান করেছেন, এর উৎস আয়কর বিবরণীতে দেখিয়েছেন ড. ইউনূস। এ টাকা পুরোপুরি সাদা। আর বিদেশ থেকে উপার্জিত অর্থ তিনি বৈধ চ্যানেলে বাংলাদেশে এনেছেন, তা করমুক্ত। তিনি আরও জানান, তিনি (ড. ইউনূস) যেসব খাতে দান করেছেন, তা দানকর আইনে কর অব্যাহতি দেওয়া আছে।
এর আগে ২০১২ সালে ড. মুহাম্মদ ইউনূসের প্রবাসী-আয় নিয়ে খোঁজখবর নিয়েছিল এনবিআর। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে ড. ইউনূস ওয়েজ আর্নার হিসেবে কত টাকা বিদেশ থেকে এনেছেন এবং তিনি তা আনতে পারেন কি না, এনে থাকলে কী পরিমাণ কর অব্যাহতি নিয়েছেন, সে বিষয়ে একটি প্রতিবেদন দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এনবিআরকে নির্দেশ দেওয়া হয়। সেই প্রতিবেদনে ড. ইউনূসের প্রবাসী-আয় নিয়ে প্রশ্ন তুলতে পারেনি কর বিভাগ। এ ছাড়া সে সময় গ্রামীণ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানগুলোর আয়-ব্যয়ের খোঁজ নিয়েছিল এনবিআর।