
নারায়ণগঞ্জ শহরে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় ডিবির চার কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যবসায়ী। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে এ মামলা হয়।
মামলাটি করেন ঘটনার সূত্রপাতস্থল মাই লাইফ ফাস্টফুডের মালিক মো. জালাল উদ্দিন। এতে আসামি করা হয় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মিজানুর রহমান, আবু সায়েম, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম ও বকুল মিয়া এবং বিআইডব্লিউটিএ থেকে ইজারা নেওয়া চৌরঙ্গী ফ্যান্টাসি পার্কের স্বত্বাধিকারী আবদুস সাত্তারকে।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত (ক) অঞ্চলের বিচারক মেহেদী হাসান জালাল উদ্দিনের ওই মামলার আবেদন গ্রহণ করেন। পাশাপাশি ‘ন্যায়বিচারের স্বার্থে’ একজন সহকারী পুলিশ সুপার দিয়ে তদন্ত করে আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
মামলায় জালাল উদ্দিন অভিযোগ করেন, খানপুর বরফকল খেয়াঘাট-সংলগ্ন চৌরঙ্গী ফ্যান্টাসি পার্কের সামনে পাঁচ-ছয় মাস ধরে তিনি মাই লাইফ ফেয়ার ফুড নামে একটি ফাস্টফুডের দোকান পরিচালনা করে আসছেন। কিন্তু চৌরঙ্গী ফ্যান্টাসি পার্কের মালিক আবদুল সাত্তার তাঁর ওই ফাস্টফুডের দোকানটি বিভিন্ন সময়ে উচ্ছেদের চেষ্টা করছিলেন। গত রোববার রাত সাতটার দিকে আবদুস সাত্তারের ইন্ধনে ডিবির এএসআই আমিনুল ইসলাম, বকুল মিয়া, এসআই মিজানুর রহমান, আবু সায়েম দোকানে ফাস্টফুড খাওয়ার জন্য আসেন। এ সময় বাদীর ছেলে আল আমিন তাঁদের কুলকফি, লাচ্ছি, বার্গার ও ফুচকা খেতে দেয়। খাওয়া শেষে আল আমিন খাবারের বিল চাইলে আবদুস ছাত্তারের পরিকল্পনা মোতাবেক ডিবির লোকজন ধমক দিয়ে বলে, ‘আমরা ডিবির লোক, কিসের বিল দেব?’ এ ছাড়া এখানে দোকান চালাতে হলে তাঁদের ৬০ হাজার টাকা করে চাঁদা দিতে হবে বলে জানায়।
জালাল উদ্দিন মামলায় উল্লেখ করেন, প্রতিবাদ করায় ডিবি পুলিশের লোকেরা তাঁদের সঙ্গে থাকা রাইফেল, পিস্তল ও শটগান দিয়ে আল আমিনকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করে এবং ক্যাশ থেকে নগদ ১০ হাজার টাকা নিয়ে যান। এ খবর শুনে তাঁর (জালাল) স্ত্রী রীনা ইয়াসমিন এলে তাঁকেও মারধর করেন। একপর্যায়ে আমিনুলের হাতে থাকা পিস্তলের বাঁট দিয়ে জালাল উদ্দিনের মাথায়ও আঘাত করে জখম করা হয়। জালাল উদ্দিনের অভিযোগ, ঘটনার পর তাঁরা চিকিৎসা নিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করতে গেলে থানা-পুলিশ মামলা নেয়নি।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. হাবিবুর রহমান। তিনি বলেন, ‘আদালত আগামী ২৫ সেপ্টেম্বর পরবর্তী ধার্য তারিখে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।’
উল্লেখ্য, গত রোববার রাতে নারায়ণগঞ্জ শহরের বরফকল এলাকায় চৌরঙ্গী পার্কের সামনে জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষে ডিবি পুলিশের চার সদস্যসহ ২০ জন আহত হন। ব্যবসায়ীদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, মাই লাইফ নামের ওই ফাস্টফুডের দোকানে লাচ্ছি খেয়ে দাম না দেওয়াকে কেন্দ্র করে ডিবির সঙ্গে সংঘর্ষের সূত্রপাত। পরে ওই ঘটনায় ডিবি পুলিশের এএসআই আমিনুল ইসলাম বাদী হয়ে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ব্যবসায়ী জালাল উদ্দিন, তাঁর স্ত্রী রীনা ইয়াসমিন এবং দুই ছেলে আল আমিন ও রবিনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করে পৃথক দুটি মামলা করেন।