এবার ডিসিকে বয়কটের ঘোষণা পূজা উদ্যাপন পরিষদ নেতাদের
নরসিংদীতে আওয়ামী লীগের পর হিন্দু সম্প্রদায়ও জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানকে বয়কটের ঘোষণা দিয়েছে। গতকাল বুধবার নরসিংদী পৌর মিলনায়তনে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসকের সঙ্গে পূজা উদ্যাপন পরিষদের প্রস্তুতি সভা হওয়ার কথা। কিন্তু এতে কেউ উপস্থিত থাকবেন না বলে জানিয়েছেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপন কুমার সাহা।
পূজা উদ্যাপন পরিষদ সূত্র জানায়, গতকাল বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত দুর্গোৎসব নিয়ে পরিষদের মতবিনিময় সভা হয়। সেখানে ছিলেন নরসিংদী পৌরসভার প্যানেল মেয়র আলমাছ মিয়া, কাউন্সিলর রিপন সরকার ও জয়ন্ত রানি সাহা, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অধ্যাপক সূর্যকান্ত দাস, সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা, শহর কমিটির সভাপতি উত্তম মোদক, সাধারণ সম্পাদক বিনয় সাহা, সদর উপজেলা কমিটির সভাপতি নারায়ণ সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অহিভূষণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সাহা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় গোস্বামী, হিন্দু সম্প্রদায়ের জ্যেষ্ঠ নেতা তারাপদ সাহা, বিনোদ বিহারীসহ বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা।
সভায় বক্তারা বলেন, সম্প্রতি জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের তুচ্ছ-তাচ্ছিল্য করে বিভিন্ন মন্তব্য ও নেতৃত্ব নিয়ে কটাক্ষ করেন। তিনি পৌর মেয়র কামরুজ্জামানসহ দলীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন উসকানিমূলক প্রতিবেদন দেন। বক্তারা তাঁর এসব কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপন কুমার সাহা বলেন, ‘জেলা আওয়ামী লীগের পাশাপাশি আমরা জেলা পূজা উদ্যাপন পরিষদ এবং জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিদ্ধান্ত নিয়েছি যে জেলা প্রশাসকের কোনো কার্যক্রমে আমরা থাকব না। পূজা উপলক্ষে বিভিন্ন মণ্ডপ থেকে যে ম্যাগাজিন বের হয়, তাতেজেলা প্রশাসকের বাণী ও ছবি থাকবে না বলে মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়।’