এবার ঢিলে ট্রেনচালক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে প্রকৌশলী প্রীতি দাশের ঘটনার পর এবার ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চলন্ত ট্রেন মহানগর গোধূলী লক্ষ্য করে পাথর ছুড়ে মারা হয়েছে। এতে ওই ট্রেনের চালক লোকো মাস্টার আবদুল্লাহ আল বাকি (৫৫) আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের কাছে শহরের কলেজপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। আহত চালককে ব্রাহ্মণবাড়িয়ার একটি ক্লিনিকে চিকিত্সা দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের মাস্টার অমৃত লাল সরকার প্রথম আলো ডটকমকে জানান, ট্রেনটি স্টেশনে যাত্রাবিরতির উদ্দেশ্যে কলেজপাড়া মোড় এলাকায় মন্থরগতিতে চলছিল। এমন সময় বাইরে থেকে কে বা কারা একাধিক পাথর ছোড়ে। একটি পাথর লোকো মাস্টার আবদুল্লাহ আল বাকির মাথায় পড়ে। এতে তাঁর মাথা থেঁতলে যায়। ট্রেনটি স্টেশনে থামানোর পর তাঁকে দ্রুত স্টেশনের কাছের একটি ক্লিনিকে নিয়ে চিকিত্সা দেওয়া হয়।

এদিকে চালক আহত হওয়ার পর ঢাকাগামী ট্রেনটিকে স্টেশনের চার নম্বর লাইনে থামিয়ে রাখা হয়। পরে ট্রেনটি রাত ১০টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। 

প্রসঙ্গত, সম্প্রতি চট্টগ্রামে প্রকৌশলী প্রীতি দাশের নিহত হওয়ার ঘটনার পর রেল কর্তৃপক্ষ জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারাভিযানে নামে। ১৮ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া থেকেই তারা অভিযানের যাত্রা শুরু করে।