এবার তথ্যমন্ত্রীর বাড়িতে ককটেল হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ককটেল বিস্ফোরণ ঘটানো হলো তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বাড়িতে। গতকাল রোববার দুপুরে তথ্যমন্ত্রীর দারুস সালাম এলাকার বাসভবনে এই হামলা হয়। এতে বাসার জানালার কয়েকটি কাচ ভেঙে গেলেও কেউ হতাহত হয়নি।এর আগে গত ২৮ মে ভোরে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির ইস্কাটন গার্ডেন রোডের সরকারি বাসভবনে তিনটি ককটেল ছোড়া হয়। ভবনের ছাদে সেগুলোর বিস্ফোরণ ঘটলেও কেউ হতাহত হয়নি। গত ১৯ এপ্রিল প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব উল আলম হানিফের গুলশানের বাসভবনে হাতবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এসব ঘটনায় পুলিশ কাউকে শনাক্ত করতে পারেনি এখনো।তথ্যমন্ত্রীর বাড়িতে হামলার বিষয়ে পুলিশ জানায়, মিরপুর সড়কের পার্শ্ববর্তী দারুস সালাম এলাকার ইস্টার্ন হাউজিং প্রকল্পের পাঁচতলা বাসভবনে দুই মোটরসাইকেল আরোহী কয়েকটি হাতবোমা ছুড়ে পালিয়ে যায়। সেখানে পরপর তিনটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।ঘটনার প্রত্যক্ষদর্শী আল আমিন নামের এক ব্যক্তি জানান, বেলা আড়াইটার দিকে তথ্যমন্ত্রীর বাসার সামনে দিয়ে একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি চলে যায়। মোটরসাইকেলটি কিছু দূর যাওয়ার পর সেটি আবার ঘুরে ইস্টার্ন হাউজিংয়ে তথ্যমন্ত্রীর বাসার সামনে এসে থামে। তারাই কয়েকটি ককটেল ছুড়ে পালিয়ে যায়।সরকারের এক তথ্যবিবরণীতে বলা হয়েছে, ‘গতকাল বেলা সোয়া একটার দিকে তথ্যমন্ত্রীর বাসায় শক্তিশালী বোমা বা গ্রেনেড হামলা হয়েছে। হামলায় বাসভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কেউ আঘাত পাননি। এ সময় মন্ত্রীর স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যরা বাসায় ছিলেন। তাঁর স্ত্রী আফরোজা হক রীনা জানিয়েছেন, কমপক্ষে চারটি শক্তিশালী বোমা নিক্ষেপ ও বিস্ফোরিত হয়েছে।’তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, যুদ্ধাপরাধীদের বিচার যারা বানচাল করতে চায়, তারাই পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।