এবার তফসিল ১০ দিন পেছানোর শর্ত এরশাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুসেইন মুহম্মদ এরশাদ
হুসেইন মুহম্মদ এরশাদ

নির্বাচন বর্জন ও ‘সর্বদলীয়’ সরকার থেকে বেরিয়ে আসার ঘোষণা এবং সরকারের সঙ্গে দর-কষাকষিসহ তিন দিন ধরে নানা নাটকীয়তার পর নির্বাচনে অংশ নিতে নতুন শর্ত দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। গত রাতে তিনি বলেছেন, নির্বাচনের তফসিল ১০ দিন পেছালে এবং সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা হলে তাঁর দল নির্বাচনে যাবে।

এর আগে গতকাল শুক্রবার সকালে জাপার মহাসচিব ও বিমানমন্ত্রী রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের বলেন, সরকারের সঙ্গে জাতীয় পার্টির আলোচনা চলছে। আশা করছি, একটি স্থায়ী সমাধান হবে।

এরপর রাত পৌনে আটটার দিকে এরশাদ তাঁর প্রেসিডেন্ট পার্কের বাসার নিচতলায় এসে সাংবাদিকদের বলেন, ‘আমার কয়েকজন মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নির্বাচনের তফসিল ১০ দিন বাড়ানোর জন্য এবং সব দলকে নির্বাচনে আনার কথা বলেছেন।’

১০ দিন সময় বাড়ানো হলে কি নির্বাচনে যাবেন? এ প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ১০ দিন সময় বাড়ানোর পরও যদি সব দল নির্বাচনে না আসে, তাহলে জাতীয় পার্টি নির্বাচনে যাবে না। এ সিদ্ধান্তে তিনি অটল ও অনড় আছেন।

এদিকে সরকারের বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা যায়, জাপাকে নির্বাচনে রাখার জন্য সরকার মরিয়া। এরশাদকে ধরে রাখতে সরকার শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবে। রাজনৈতিক ও অরাজনৈতিক উভয় পর্যায়ে সরকার গতকালও এরশাদ ও তাঁর দলের নেতাদের সঙ্গে আলোচনা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বিষয়টি তত্ত্বাবধান করছেন। গতকাল রাতেও গণভবনে প্রধানমন্ত্রী দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে পুরো পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

জাপার শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র জানায়, সরকারের পক্ষ থেকে এরশাদকে চিকিৎসার জন্য কিছুদিনের জন্য বিদেশে পাঠিয়ে রওশন এরশাদকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে জাপাকে নির্বাচনে রাখার চেষ্টা চলছে। তবে এ প্রস্তাবে এরশাদ গতকাল পর্যন্ত সম্মত হননি বলে তাঁর ঘনিষ্ঠ একজন নেতা জানিয়েছেন।

এরশাদের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, এরশাদের সঙ্গে আগামীকাল রোববার বাংলাদেশ সফররত জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে এরশাদ সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন হলে দেশের পরিস্থিতি কী হতে পারে, তা তুলে ধরবেন।

এরশাদের সঙ্গে টেলিফোনে কয়েক দফা কথা বলেছেন, আওয়ামী লীগের এমন একজন জ্যেষ্ঠ নেতা প্রথম আলোকে বলেন, তাঁরা এখনো আশা করছেন, এরশাদকে সমঝোতায় আনা এবং শেষ পর্যন্ত জাতীয় পার্টিকে নির্বাচনে রাখা সম্ভব হবে।

সরকারের সঙ্গে জাপার আলোচনা চলার কথা জানিয়ে গতকাল দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের বলেন, সরকার তো সরকারই। সরকারের সঙ্গে আলোচনা হতেই পারে, এতে দোষের কিছু নেই।

এদিকে গতকাল রাতে জাতীয় পার্টির কয়েকজন নেতা রওশন এরশাদের গুলশানের বাসায় বৈঠক করেছেন বলে জানা গেছে।

আনিস-বাবলুর পদত্যাগপত্র এরশাদের কাছে: জাপার দায়িত্বশীল একটি সূত্র জানায়, জাপার সভাপতিমণ্ডলীর দুই সদস্য পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা ও নারী উন্নয়নবিষয়ক উপদেষ্টা জিয়াউদ্দিন আহমেদ বাবলু নিজ নিজ সরকারি পদ থেকে পদত্যাগের পত্র গতকাল বিকেলে দলীয় প্রধান এইচ এম এরশাদের কাছে পাঠিয়েছেন। জাপার যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। অবশ্য যোগাযোগ করা হলে আনিসুল ইসলাম মাহমুদ এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।