এবার তরুণ ভোটার পৌনে চার লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ ভোটার তালিকায় চট্টগ্রামে নতুনভাবে সংযুক্ত হয়েছেন তিন লাখ ৮২ হাজার ২৪১ জন। এর মধ্যে নগরে ভোটার বেড়েছে এক লাখ ২১ হাজার ২৩০ জন।২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশের পর নতুনভাবে বাদ পড়া অনেকে তালিকায় সংযুক্ত হয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।ইতিমধ্যে জেলা নির্বাচন কমিশন খসড়া তালিকার পর তাদের ভোটার তালিকা চূড়ান্ত করেছে। এই তালিকা ইতিমধ্যে ঢাকায় নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, ‘খসড়া তালিকার সঙ্গে বাদ পড়া কিছু ভোটার কার্যালয়ে এসে আবেদন করেছেন। তাঁদের যাচাই-বাছাই করে সংযুক্ত করা হয়েছে। আমরা চূড়ান্ত করে এখন ঢাকায় পাঠিয়ে দিচ্ছি।’ ভোটার তালিকায় যাঁরা সংযুক্ত হয়েছেন, তাঁদের সিংহভাগই তরুণ বলে তিনি জানান। তালিকা অনুযায়ী চট্টগ্রামে মোট ভোটার দাঁড়িয়েছে ৫০ লাখ ৭৯ হাজার ৯৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৬ লাখ ৮১০ জন। এর আগে ২০০৯ সালে চট্টগ্রামে ভোটার ছিলেন ৪৬ লাখ ৯৭ হাজার ৭১১ জন। গত জাতীয় নির্বাচনের আগে চট্টগ্রামে মোট ভোটার ছিলেন ৪৩ লাখ ৮৮ হাজার ৬১৬ জন।নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এবার নগরে ভোটারসংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ২৪ হাজার ৪৪৫ জন। এর মধ্যে নারী ভোটার আট লাখ ৭২ হাজার ৯১১ জন। তার মধ্যে ডবলমুরিং অঞ্চলে সবচেয়ে বেশি ভোটার বেড়েছে। এখানে এখন ভোটারসংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৮৮ হাজার ৮৯ জন। কম বেড়েছে কোতোয়ালি অঞ্চলে। এখানে এখন ভোটারসংখ্যা দুই লাখ ২৮ হাজার ৭৩২ জন। অপর দিকে ১৪ উপজেলায় মোট ভোটার দাঁড়িয়েছে ৩২ লাখ ৫৫ হাজার ৫০৭ জন। এর মধ্যে নারী ভোটার ১৬ লাখ ছয় হাজার ২৩১ জন। সবচেয়ে বেশি ভোটার বেড়েছে পটিয়া উপজেলায়—তিন লাখ ৪৫ হাজার ৮১৯ জন। ভোটারসংখ্যা কম হয়েছে চন্দনাইশে—এক লাখ ৩৯ হাজার ৯৫৬ জন। কোতোয়ালি থানা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান বলেন, ‘বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার পর আমরা কার্যালয়েও আবেদন জমা নিয়েছি। পরে শুনানির মাধ্যমে যাচাই-বাছাই শেষে তাঁদের হালনাগাদ তালিকায় সংযুক্ত করেছি। আমাদের অঞ্চল অন্যান্য অঞ্চলের চেয়ে ছোট। তাই ভোটার কম।’