এবার তরুণীর পায়ের রগ কাটল বখাটেরা
নড়াইলের লোহাগড়ায় ধর্ষণচেষ্টার মামলা তুলে নিতে রাজি না হওয়ায় ৬ সেপ্টেম্বর এক তরুণীর (২২) পায়ের রগ কেটে দিয়েছে বখাটেরা।তরুণীকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি মহিলা ওয়ার্ডের ২৫ নম্বর বিছানায় চিকিৎসাধীন।এ ঘটনায় গত মঙ্গলবার সন্ধ্যায় লোহাগড়া থানায় ওই তরুণীর দিনমজুর বাবা বাদী হয়ে ছয়জনের নামে মামলা করেছেন। আসামিরা হলেন উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের আমাদা গ্রামের আলমগীর সরদার (২৮), জাহিদ সরদার (৪৮), রিকাত সরদারসহ (১৮) অজ্ঞাত আরও তিনজন।হাসপাতালে চিকিৎসাধীন তরুণী জানান, ওই দিন দুপুরে বাড়ির দক্ষিণ পাশে বের হলে আলমগীর তাঁকে গালাগাল ও মারধর করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁর ডান পায়ের রগ কেটে দেন।পারিবারিক সূত্রে জানা গেছে, একই গ্রামের আলমগীর সরদার ওই তরুণীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন। তাঁর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আলমগীর গত বছরের ৭ নভেম্বর রাতে বেড়া কেটে ঘরে ঢুকে ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনার পর স্থানীয় মাতব্বরেরা সালিস করে তাঁদের মধ্যে বিয়ের সিদ্ধান্ত দেন। কিন্তু আলমগীরের অভিভাবকেরা তা অগ্রাহ্য করেন। পরে ওই তরুণী বাদী হয়ে নড়াইল আদালতে আলমগীরের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন।তরুণীর বাবা বলেন, ‘আগের মামলা উঠোয় নিয়ার জন্যি তারা বছরভরে হুমকি দেচ্ছে। হ্যান্যেও ভয় দেচ্ছে।’তরুণীর চিকিৎসক আবদুল কাদের জসিম বলেন, কাটা রগে অস্ত্রোপচারের পর রোগীর চিকিৎসা চলছে। তবে ভালো হতে অনেক সময় লাগবে।অভিযুক্ত আলমগীর সরদার মুঠোফোনে দাবি করেন, ‘আমার বিরুদ্ধে আনা ধর্ষণের চেষ্টা এবং কুপিয়ে রগ কাটার অভিযোগ মিথ্যা।’লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘এ ঘটনায় কেউ থানায় মামলা করতে আসেনি। মঙ্গলবার ঘটনাটি জানতে পেরে তরুণীর বাবাকে ডেকে এনে মামলা করিয়েছি। আসামি আলমগীরের বিরুদ্ধে ওই ধর্ষণচেষ্টার মামলায় সমন জারি করা আছে। তাকেসহ অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’