এবার তাঁর পা ভেঙে গেল
হেঁটে অসচ্ছল মানুষের বাড়ি গিয়ে পিছিয়ে পড়া বাচ্চাদের লেখাপাড়া শেখাতেন জালাল উদ্দিন। ৩৮ বছরে এক দিনের জন্যও থেমে থাকেনি তাঁর এই কর্মসূচি। গত সোমবারের পর তিনি আর কারও বাসায় যেতে পারেননি। আগের দিন সন্ধ্যায় বৃষ্টির মধ্যে রাস্তা পার হওয়ার সময় পড়ে গিয়ে তাঁর ডান পা ভেঙে গেছে।
জালাল উদ্দিনের এই শিক্ষা কার্যক্রমের ওপর ২০০৮ সালের ১১ অক্টোবর প্রথম আলোর সাপ্তাহিক ক্রোড়পত্র ‘ছুটির দিনে’ ‘আলোর ফেরিওয়ালা’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপে। এরপর ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জালাল উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়। প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর একটি সংখ্যায় তাঁর বিশেষ সাক্ষাৎকার ছাপা হয়।
মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন দুটি বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষায় এগিয়ে নেওয়ার জন্য তিনি ভালো চাকরি পাওয়ার পরও করেননি। সংসারী হলে এই কার্যক্রমের ক্ষতি হতে পারে ভেবে জালাল উদ্দিন বিয়েই করেননি। অসচ্ছল পরিবারের সন্তানদের এগিয়ে নেওয়ার জন্য নিজের জায়গাজমিও বিক্রি করেছেন। থাকেন বোনের বাসায়।
জালাল উদ্দিনের বয়স ৬৮ বছর। তিনি বলেন, তাঁর সবচেয়ে বড় সমস্যা হয়েছে ঘরে বন্দী হয়ে থাকতে হচ্ছে। তার চেয়েও বড় সমস্যা, গরিব ছেলেমেয়েদের পাঠদান বন্ধ হয়ে গেল। তিনি বলেন, চিকিৎসক পা ঠিক হবে বলেছেন, কিন্তু কত দিন সময় লাগবে, তা বলেননি।