এবার তিনিই পালালেন!
অবাধ্য হলেই চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, বিচারপ্রার্থী, ব্যবসায়ী, সাধারণ নাগরিককে পেটান তিনি। এবার তিনি নিজেই মারের ভয়ে দৌড়ে পালিয়েছেন। তিনি মেহেরপুরের গাংনী পৌরসভার মেয়র আহম্মদ আলী। গত রোববার মেহেরপুর সার্কিট হাউস এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সামনেই এ ঘটনা ঘটে।জেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবদুল মান্নান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে গাংনী থেকে কিছু লোক নিয়ে মেহেরপুর আসেন আহম্মদ আলী। মন্ত্রী দুপুরের পর মেহেরপুরের নেতাদের সঙ্গে কথা বলেন। এরই মধ্যে গাংনীর মেয়র তাঁর এলাকার একটি মামলা নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, মানিকদিয়া গ্রামের মুক্তিযোদ্ধা আজিজুল হক হত্যা মামলায় পুলিশ নিরীহ লোকদের আটক করেছে। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিয়াজান আলী মেয়রের অভিযোগ মিথ্যা অভিহিত করে মন্ত্রীকে বলেন, পুলিশ নিরীহ কাউকে আটক করেনি।জেলা আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীদের উদ্ধৃতি দিয়ে সদর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল বলেন, এই মেয়র কিছুদিন আগে মিথ্যা অভিযোগ করে বিদায়ী পুলিশ সুপারকে মাথায় ঘোল ঢেলে বিদায় করতে আন্দোলন করেছিলেন। এসপি বদলি হয়েছেন। এখন আবার পুলিশের বিরুদ্ধে নতুন করে অভিযোগ তুলছেন। এই নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে জেলা আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীরা মেয়রের ওপর ক্ষুব্ধ হয়ে তাঁকে গালিগালাজ করেন। পরিস্থিতি আঁচ করতে পেরে তিনি সার্কিট হাউসের বাইরে যান। তখন আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী মেয়র আহম্মদ আলীকে ‘ধর’, ‘মার’ বলে চিৎকার দিয়ে তাঁকে মারতে ছুটে যান। নেতা-কর্মীদের ধাওয়া খেয়ে মেয়র দৌড়ে তাঁর এক কর্মীর মোটরসাইকেলে করে পালিয়ে যান।গাংনীর মেয়রকে কর্মীদের মারতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে মিয়াজান আলী বলেন, এই মেয়র সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে আওয়ামী লীগকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছেন।মেয়র আহম্মদ আলী তাঁকে মারতে দলীয় কর্মীদের ধাওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, কিছু নেতা-কর্মী তাঁর ওপর ক্ষুব্ধ হন। এ কারণে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে তিনি সার্কিট হাউস থেকে চলে যান।মেহেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) শাহেদ আকবর খান বলেন, ‘মন্ত্রী মহোদয় গাড়িতে ওঠার সময় কিছু নেতা-কর্মী গাংনীর মেয়রকে ধাওয়া করেন। মেয়র দৌড়ে রক্ষা পান।’গত ১২ আগস্ট প্রথম আলোতে ‘তিনি শুধুই মারেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ওই মেয়রের বিরুদ্ধে আরও একাধিক প্রতিবেদন ছাপা হয়।