এবার থেকে নিজের পায়েই দাঁড়াবেন মুক্তিযোদ্ধা ফারিজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় কৃত্রিম পা সংযোজনের পর হবিগঞ্জে এলে মুক্তিযোদ্ধা ফারিজা খাতুনকে গতকাল ফুল দিয়ে বরণ করেন চেতনা-৭১ হবিগঞ্জের সভাপতি সৈয়দ আফরোজ বখ্ত ও সাধারণ সম্পাদক কেয়া চৌধুরী (ডানে) প্রথম আলো
প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় কৃত্রিম পা সংযোজনের পর হবিগঞ্জে এলে মুক্তিযোদ্ধা ফারিজা খাতুনকে গতকাল ফুল দিয়ে বরণ করেন চেতনা-৭১ হবিগঞ্জের সভাপতি সৈয়দ আফরোজ বখ্ত ও সাধারণ সম্পাদক কেয়া চৌধুরী (ডানে) প্রথম আলো

গত ৪৩ বছর ক্রাচই ছিল তাঁর হাঁটার অবলম্বন। দুই পায়ে দাঁড়াতে পারেননি ইচ্ছেমতো। কীভাবেই বা পারবেন? দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে একটা পা-ই যে হারিয়ে ফেলেছিলেন তিনি। তবে এ মানুষটিই এখন পায়ে হেঁটে বাড়ি ফিরেছেন। এবার থেকে তিনি নিজের পায়েই দাঁড়াবেন।
যুদ্ধাহত এই নারী মুক্তিযোদ্ধা হলেন ফারিজা খাতুন। প্রথম আলোর সহায়তায় একটি কৃত্রিম পা সংযোজন করে তিনি ফের নিজের পায়ে দাঁড়াতে পেরেছেন। গতকাল রোববার নিজ বাড়িতে পৌঁছার পর তাঁকে ফুলের মালা পরিয়ে ও মিষ্টি খাইয়ে বরণ করে নেন চেতনা-৭১ হবিগঞ্জ নামের সংগঠনের সদস্য ও স্থানীয় ব্যক্তিরা।
জানা গেছে, মুক্তিযুদ্ধ চলাকালে একাত্তরের ১৯ এপ্রিল হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামে পাকিস্তানি সেনাদের বোমায় একটি পা উড়ে যায় ফারিজার। সৌভাগ্যক্রমে বেঁচে গেলেও দীর্ঘ ৪৩টি বছর তাঁর চলাফেরার একমাত্র ভরসা ছিল ক্রাচ। ২০০৮ সালে তৃণমূল পর্যায়ে মুক্তিযোদ্ধাদের অনুসন্ধানে কাজ করার সময় তাঁকে খুঁজে পায় চেতনা-৭১ হবিগঞ্জ।
এরপর মুক্তিযোদ্ধা হিসেবে ফারিজার নাম তালিকাভুক্ত করতে ২০০৯ সালের ২২ মার্চ সরকারের কাছে আবেদন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক কেয়া চৌধুরী। পরে গত বছরের ৯ ডিসেম্বর হবিগঞ্জের আরও পাঁচ নারীর সঙ্গে পা হারানো ফারিজার নামও মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হয়। পাশাপাশি চেতনা-৭১ হবিগঞ্জ ফারিজাকে সহায়তার জন্য প্রথম আলো ট্রাস্ট কর্তৃপক্ষের কাছেও আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে এই নারী মুক্তিযোদ্ধার কৃত্রিম পা সংযোজনের উদ্যোগ নেয় প্রথম আলো। এ বছরের ৯ জানুয়ারি ঢাকায় শুরু হয় ফারিজার চিকিৎসা। টানা ২২ দিন চিকিৎসা শেষে কৃত্রিম পা নিয়ে গতকাল হবিগঞ্জে নিজের বাড়ি পৌঁছান ফারিজা।
এদিন বিকেলে স্থানীয় শিবগঞ্জ বাজারে ফারিজাকে বরণ করে নেন চেতনা-৭১ হবিগঞ্জ-এর সদস্য ও স্থানীয় ব্যক্তিরা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সৈয়দ আফরোজ বখ্ত ও সাধারণ সম্পাদক।
কৃত্রিম পা পেয়ে আনন্দে আত্মহারা ফারিজা বলেন, ‘আমি যখন নতুন পা দিয়ে হেঁটে বাড়ি ফিরি, আমার পরিবারের লোকজন হতবিহ্বল হয়ে তাকিয়ে ছিলেন। তাঁরা বিশ্বাসই করতে পারছিলেন না, আমি ফারিজা।’
উল্লেখ্য, এর আগে ২০১০ সালের ২৭ মার্চ ফারিজাকে নিয়ে প্রথম আলোয় ‘বঙ্গবন্ধুর চিঠি ও একজন ফরিজা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।