এবার থ্রিজি মাধ্যমে প্রচার চালাবে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় প্রজন্মের (থ্রিজি) প্রযুক্তির মাধ্যমে নির্বাচনী প্রচার চালাবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আজ মঙ্গলবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে দলের প্রচার কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকের বিস্তারিত তুলে ধরে প্রথম আলো ডটকমকে আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল বলেন, আওয়ামী লীগের নির্বাচনী প্রচারের কৌশল নির্ধারণেই বৈঠক অনুষ্ঠিত হয়। থ্রিজি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নির্বাচনী প্রচার, দেশের বাইরে থাকা পাঁচ ভাগ ভোটারের কাছে কীভাবে প্রচার চালানো যায়, এসব নিয়ে বৈঠকে কথা হয়েছে। এ ছাড়া প্রচারপত্র বিলি, বিলবোর্ড স্থাপন, পোস্টার ছাপানো ইত্যাদি নানা বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

বৈঠকটি বিকেল পাঁচটা থেকে শুরু হয়ে রাত আটটা পর্যন্ত চলে।

আওয়ামী লীগের প্রচার কমিটির সভাপতি এইচ টি ইমামের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, আওয়ামী লীগের নেতা সাবের হোসেন চৌধুরী, সাংসদ রেজা আলী, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার, শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ছেলে রেজওয়ান সিদ্দিক।