স্থানীয় সরকারের পাঁচটি স্তরেই দলীয় পরিচয় ও প্রতীকে নির্বাচন করতে আইনের সংশোধন অনুমোদন করেছে মন্ত্রিসভা। সংশোধনী অনুযায়ী, পাঁচ বছরের নির্দিষ্ট মেয়াদ পূরণের পর কোনো কারণে নির্বাচন না হলে প্রশাসকের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।
নির্বাচনে মেয়র, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দলীয় মনোনয়ন ও দলীয় প্রতীক থাকতে হবে। নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪০টি দলের পক্ষ থেকে প্রার্থী হওয়ার সুযোগ থাকবে। স্থানীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ রাখা হলেও তাঁদের জন্য বিধি ঠিক করবে নির্বাচন কমিশন।
>মেয়র, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দলীয় মনোনয়ন ও দলীয় প্রতীক থাকতে হবে
এ বছরের ডিসেম্বরে পৌরসভা নির্বাচন দিয়েই শুরু হবে দলীয় মনোনয়নের ভিত্তিতে প্রথম স্থানীয় নির্বাচন। সময় কম থাকায় আইনের বদলে অধ্যাদেশ করে ওই নির্বাচনের প্রস্তুতি নিয়েছে সরকার। তবে জাতীয় সংসদের আগামী অধিবেশনে এই অধ্যাদেশ আইনে পরিণত করা হবে। একই সঙ্গে স্থানীয় সরকারের অন্য চারটি আইনও ওই অধিবেশনে পাস হবে। আইনগুলো পাস হওয়ার পর নির্বাচন কমিশন এ-সংক্রান্ত নীতিমালা তৈরি করবে।
গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে স্থানীয় সরকারের পাঁচটি প্রতিষ্ঠানের সংশোধন আইন একযোগে অনুমোদন করা হয়। আইনগুলো হচ্ছে: স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধন আইন, ২০১৫; উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৫; জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৫; স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন আইন, ২০১৫ এবং স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০১৫।
এসব আইনের আওতায় পর্যায়ক্রমে ৩২৩টি পৌরসভা, ৪ হাজার ৫৫৩টি ইউনিয়ন পরিষদ, ৪৮৮টি উপজেলা, ১১টি সিটি করপোরেশন এবং ৬৪টি জেলা পরিষদ নির্বাচন দলীয়ভাবে অনুষ্ঠিত হবে।
এখন সিটি করপোরেশনসহ সব ধরনের স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে হওয়ার কথা থাকলেও রাজনৈতিক দলগুলো তা মানে না। দলগুলো প্রকাশ্যেই প্রার্থী মনোনয়ন দেয়, প্রচারও চালায়। শুধু ব্যালটে দলীয় প্রতীক থাকে না।
স্থানীয় সরকার বিশেষজ্ঞ, সরকারি দলের শীর্ষ নেতাসহ অনেকেই মত দিয়ে আসছেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করা উচিত। তাঁরা বলছেন, যেহেতু নির্দলীয় এই নির্বাচনে দলীয় প্রার্থীরাই অংশ নেন, তাই এই স্ববিরোধিতার প্রয়োজন নেই।
মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা গতকাল সাংবাদিকদের বলেন, সরকার তৃণমূল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতায়ন এবং দেশে রাজনৈতিক ও গণতান্ত্রিক সংস্কৃতি বিকাশের লক্ষ্যে স্থানীয় সরকারব্যবস্থায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাজ্য, ভারতসহ বৃহৎ গণতান্ত্রিক দেশগুলোর সংসদীয় ব্যবস্থায় স্থানীয় সরকার নির্বাচনগুলো দলীয় মনোনয়নের ভিত্তিতে হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ওই দুটি দেশের উদাহরণ দেওয়ার কারণ, বাংলাদেশে বিদ্যমান ব্যবস্থা এসব দেশের প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামোর অনুরূপ।
জানতে চাইলে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, দলীয় পরিচয়ে স্থানীয় সরকার নির্বাচন করার সিদ্ধান্তটি ইতিবাচক। তবে এর সুফল পেতে হলে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। রাজনৈতিক দলগুলো যদি যোগ্য প্রার্থী মনোনয়ন না দেয়, তাহলে পরিস্থিতি এখনকার চেয়ে ভালো কিছু হবে, এমনটি আশা করা যায় না। তাঁর মতে, একটি বড় দল নির্বাচন থেকে দূরে থাকায় নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ যথেষ্ট কমে গেছে। এ অবস্থার উত্তরণে স্থানীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ জরুরি।
বিরোধী দল বিএনপি অবশ্য দলীয় মনোনয়নে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিবাদ জানিয়ে আসছে। গতকাল সোমবার বিএনপির ব্রিফিংয়ে দলীয় পরিচয়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের বিরোধিতা করে বলা হয়, সংসদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যদি সাংসদেরা থাকতে পারেন, তাহলে স্থানীয় জনপ্রতিনিধিরা তা পারবেন না কেন?
১৪ দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, ‘আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। এর ফলে আওয়ামী লীগ-বিএনপির বাইরে তৃণমূলে অন্যান্য রাজনৈতিক দল সংগঠিত ও শক্তিশালী হওয়ার সুযোগ পাবে।’
অবশ্য ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগের পক্ষে দলীয় পরিচয়ে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা বড় চ্যালেঞ্জ বলে মনে করে দলের নেতাদের একটি অংশ। এই অংশটির মতে, সব জায়গায় প্রার্থী হতে আওয়ামী লীগের নেতাদের মধ্যে যে প্রতিযোগিতা হবে, তা অনেক ক্ষেত্রে সামাল দেওয়া কঠিন হবে।
গতকাল মন্ত্রিসভার বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। দু-একজন মন্ত্রী এ বিষয়ে আলোচনা শুরু করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সংসদ নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনের জন্য নির্বাচন বোর্ড করে দেওয়া হবে। ওই বোর্ডে একজন করে কেন্দ্রীয় নেতা থাকবেন। বোর্ডই প্রার্থী ঠিক করবে।
স্থানীয় সরকারসহ বিভিন্ন নির্বাচন নিয়ে কাজ করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, এই উদ্যোগ স্থানীয় সরকারব্যবস্থাকে ধ্বংস করবে এবং ক্ষমতাসীন দলই স্থানীয় সরকার গ্রাস করে ফেলবে। এ ছাড়া প্রভাবশালী, বিত্তশালী ও রাজনৈতিক দাপট থাকা খারাপ লোক নির্বাচিত হয়ে আসার সুযোগ প্রশস্ত হবে।
আরও পড়ুন: