এবার দাঁড় করানো হলো কলেজের শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে শিল্পমন্ত্রীর সংবর্ধনার জন্য এবার রাস্তার পাশে দাঁড় করানো হয়েছে বিএম কলেজের শিক্ষার্থীদের। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে সংবর্ধনার জন্য কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সার্কিট হাউস সড়কের দুই পাশে দাঁড় করানো হয়।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও নাম প্রকাশ না করার শর্তে কলেজের একাধিক শিক্ষার্থী বলেন, সকাল সাড়ে নয়টা থেকে কলেজ ছাত্রলীগের নেতারা কলেজের আবাসিক হলগুলো থেকে চারটি বাসে করে ছাত্র-ছাত্রীদের নিয়ে এসে সড়কের দুই পাশে দাঁড় করিয়ে দেন। লাইন থেকে কেউ যাতে চলে যেতে না পারেন, সে জন্য পাহারায় ছিলেন সংগঠনের নেতা-কর্মীরা।
কলেজের বনমালী গাঙ্গুলী আবাসিক ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক শাহ শাজেদা বলেন, ‘ছাত্রীনিবাসের শিক্ষার্থীরা সংবর্ধনায় যাওয়ার ব্যাপারে কেউ কোনো অনুমতি নেয়নি। কেউ তাঁদের জোর করে নিয়েছে কি না, তা আমার জানা নেই।’
কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাহিদ সেরনিয়াবাদ বলেন, মন্ত্রীর সংবর্ধনায় বিএম কলেজের চার থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছেন। তাঁরাই মন্ত্রীকে সার্কিট হাউসে সংবর্ধনা জানান।
মন্ত্রী-সাংসদদের সংবর্ধনায় শিক্ষার্থীদের দাঁড় না করানোর জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হয়েছে। তার পরও কেন ছাত্র-ছাত্রীদের আনা হয়েছে জানতে চাইলে নাহিদ বলেন, সংবর্ধনায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ নেওয়া থেকে বিরত রাখতে বলা হয়েছে। এখানে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের আনা হয়েছে। তাঁদের জোর করে আনা হয়নি। ওই শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। এঁদের মধ্যে অনেকেই দলীয় কর্মী।