এবার দুই চৌধুরীর লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আওয়ামী লীগের বিতর্কিত সাংসদ আবদুর রহমান বদি এবার দলের মনোনয়ন পাননি। তবে দলের মনোনয়ন পেয়েছেন বদির প্রথম স্ত্রী শাহীন আকতার চৌধুরী। তিনি এই আসনে লড়বেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সঙ্গে। বিএনপির প্রার্থী শাহজাহান এর আগেও এই আসনে চারবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন।

শাহজাহান চৌধুরীর মতো একজন শক্তিশালী প্রার্থীর সঙ্গে নবীন একজন গৃহবধূর লড়াইটা কেমন হবে এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। ভোটারদের ধারণা, শাহীন চৌধুরী সাংসদ বদির স্ত্রী হলেও তিনি রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি উখিয়ার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম চৌধুরীর মেয়ে। শাহীন চৌধুরীর চাচা হামিদুল হক চৌধুরী উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আপন ছোট ভাই জাহাঙ্গীর কবির চৌধুরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ক্ষেত্রে শাহীন চৌধুরী ও শাহজাহান চৌধুরীর মধ্যে লড়াই হবে হাড্ডাহাড্ডি।

এদিকে দলীয় মনোনয়ন বদির পরিবারেরই থেকে যাওয়ায় আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী অসন্তুষ্ট।

টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক নুরুল বশর বলেন, শাহীন চৌধুরীর পক্ষে ইয়াবা চোরাচালান বন্ধ করা কঠিন হবে। কারণ তিনি চলবেন স্বামীর ইশারায়।

উল্লেখ্য, সাংসদ বদির বিরুদ্ধে ইয়াবা ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা করার অভিযোগ অনেক পুরোনো। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকায় ১ নম্বরে আছে বদির নাম।