এবার ধলাই নদের উজানে বাঁধ নির্মাণ করছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের সারী নদীর পর এবার ধলাই নদের উজানে জলবিদ্যুৎ প্রকল্পের জন্য একটি বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে ভারত। গত ১৭ সেপ্টেম্বর ভারতের কেন্দ্রীয় জ্বালানিমন্ত্রী এম বীরাপ্পা মইলি নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।ধলাই নদ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা দিয়ে প্রবাহিত। এ নদের উৎসমুখে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারি। জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ হলে ধলাই নদের পানিপ্রবাহ বন্ধ হয়ে পাথর কোয়ারি এলাকা মরুভূমির রূপ ধারণ করবে—এ আশঙ্কায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আজ শনিবার সিলেট নগরের কোর্ট পয়েন্টে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে।ভারতের মেঘালয় রাজ্যভিত্তিক শিলং টাইমস, মেঘালয়া টাইমসসহ বিভিন্ন সংবাদপত্রের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে সারী নদীর উজানে মেঘালয় রাজ্যে জলবিদ্যুৎ প্রকল্পের জন্য একটি বাঁধের নির্মাণকাজ শুরু হয়। এর পর পরই ভারত সরকার একই রাজ্যে আরেকটি বাঁধ নির্মাণের উদ্যোগ নেয়। বাঁধটি নির্মাণের জন্য গত ২০ এপ্রিল মেঘালয় রাজ্য সরকারের সঙ্গে সমঝোতা স্মারক (এমওই) সই করে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার করপোরেশন লিমিটেড (নিপকো)। প্রকল্পের অধীনে ৮৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য উমিউ নদীতে ‘মাওফু জলবিদ্যুৎ বাঁধ’ নির্মাণ করা হবে।এ ব্যাপারে কথা হয় সিলেটে সারী নদী বাঁচাও আন্দোলনের সভাপতি মোহামঞ্চদ আবদুল হাইয়ের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, উমিউ নদী শিলং পিক ও চেরাপুঞ্জির বৃষ্টির জলধারা বহনকারী একটি নদী। এটি ভোলাগঞ্জ সীমান্তে ধলাই নাম ধারণ করে কোম্পানীগঞ্জ দিয়ে প্রায় ১০ কিলোমিটার প্রবাহিত হয়ে সিলেট সদর উপজেলায় পিয়াইন নদের সঙ্গে মিলেছে। হাওরের জলধারা নিয়ে ধলাই-পিয়াইন সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে মিলিত হয়। তাই ধলাইর উৎসমুখে বাঁধ হলে সিলেট অঞ্চলের দীর্ঘতম নদী সুরমার ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।জলবিদ্যুৎ প্রকল্প সম্পর্কে মেঘালয়া টাইমস-এ বলা হয়েছে, ৮৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৫৩ কোটি ৮১ লাখ রুপি। প্রকল্পের আওতায় ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট নির্মাণ করা হবে। এ জন্য কংক্রিটের ৪১ দশমিক ৫৫ মিটার উঁচু ও ১৫০ মিটার দীর্ঘ বাঁধ নির্মাণ করা হবে। বাঁধের সংরক্ষণাগারের ধারণক্ষমতা হবে ১০ লাখ ১২ হাজার ঘনমিটার।এদিকে কলকাতা থেকে প্রকাশিত দ্য টেলিগ্রাফ পত্রিকার ওয়েবসাইটে বলা হয়েছে, মাওফু জলবিদ্যুৎ প্রকল্পের বিস্তারিত প্রকল্প প্রতিবেদন প্রস্তুত, বিস্তারিত জরিপ ও অনুসন্ধান সম্পন্ন করতে নিপকোর অন্তত দেড় বছর সময় প্রয়োজন। প্রয়োজনীয় সব ছাড়পত্র পাওয়ার পর বাঁধ নির্মাণের জন্য প্রায় চার বছর লাগতে পারে।মেঘালয় রাজ্যের প্রত্যন্ত গ্রাম মাওফু কমলা উৎপাদনের জন্য বিখ্যাত। গ্রামটি ভোলাগঞ্জ পাথর কোয়ারির সীমান্তবর্তী। প্রত্যন্ত অঞ্চল হওয়ায় বাঁধের নির্ধারিত স্থানের পরিবর্তে মেঘালয়ের রাজধানী শিলংয়ে নিপকোর সদর দপ্তরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কেন্দ্রীয় জ্বালানিমন্ত্রী।বাপার সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম প্রথম আলোকে বলেন, ধলাই নদের উজানে বাঁধ হলে শুরুতে বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়বে বাংলাদেশের অন্যতম বৃহত্তম পাথর কোয়ারি ভোলাগঞ্জ। এ জন্য ধলাইপারের বাসিন্দারা ভীতসন্ত্রস্ত। তাদের অংশগ্রহণে আজ শনিবার বিকেলে সিলেটের কোর্ট পয়েন্টে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।