মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী জোর করে একটি রাস্তা কাটার পর এবার সেখানে ধানের চাষ করে বেড়া দিয়েছেন। এতে ওই রাস্তা দিয়ে চলাচলকারী তিনটি বাড়ির আটটি পরিবারের লোকজন এবং পার্শ্ববর্তী একটি শিক্ষাপ্রতিষ্ঠানের খুদে শিক্ষার্থীরা দুই মাস ধরে দুর্ভোগে আছে।এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, সাগরনালের বটনিঘাট গ্রামের আনফর আলী, আরব আলী ও রইছ আলী—এই তিন ভাই মিলে প্রায় ১৫ বছর আগে বাড়িতে প্রবেশের জন্য প্রতিবেশী আবদুল হান্নান চৌধুরীর কাছ থেকে ১৫ শতক জমি কিনে মাটি ভরাট করে একটি রাস্তা নির্মাণ করেন। ওই রাস্তা দিয়ে পাশের আরও দুটি বাড়ির লোকজন এবং স্থানীয় বটনিঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা চলাচল করত। মাস তিনেক আগে আনফর আলী জমিজমা বিক্রি করে তাঁর পরিবার নিয়ে অন্যত্র চলে যান। রাস্তার একাংশ (পাঁচ শতক) তিনি (আনফর) আবদুল হান্নান চৌধুরীর কাছে বিক্রি করে দেন। গত ১৫ এপ্রিল হান্নান তাঁর লোকজনকে দিয়ে জোর করে পুরো রাস্তাটি কেটে ফেলেন।সরেজমিনে গত রোববার বিকেলে গিয়ে দেখা গেছে, কাটা রাস্তার বুকে আউশ ধানের চারা লাগানো হয়েছে। কয়েক দিনের বৃষ্টিতে সেখানে পানি জমে গেছে। এ ছাড়া রাস্তার প্রবেশমুখ ঘিরে বাঁশের বেড়া স্থাপন করা হয়েছে। আরব আলীর (৪৫) ভাষ্যমতে, পাঁচ-ছয় দিন আগে হান্নান চৌধুরী লোকজনকে দিয়ে এসব কাজ করিয়েছেন। পরে তিনি মৌখিকভাবে বিষয়টি পুলিশকে জানান। রোববার বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি জানান, বর্তমানে তাঁরা বটনিঘাট বিদ্যালয়ের ভেতরের রাস্তা দিয়ে চলাচল করছেন। খুদে শিক্ষার্থীদের অন্য পথে ঘুরে আসা-যাওয়া করতে হচ্ছে। রোববার বিকেলে বাড়িতে খোঁজ করে আবদুল হান্নান চৌধুরীকে মেলেনি।কাটা রাস্তায় ধানচাষ ও বেড়া স্থাপনের সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার উপপরিদর্শক নাজমুল হক বলেন, ‘আগের মামলায় হান্নান চৌধুরী আদালত থেকে জামিন নিয়েছেন বলে জানি। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে নতুন করে লিখিত অভিযোগ পেলে তাঁর (হান্নান) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ উল্লেখ্য, গত ২৪ এপ্রিল প্রথম আলোর বিশাল বাংলার ৫ নম্বর পাতায় ‘জোরপূর্বক রাস্তা কর্তন: দুর্ভোগে আটটি পরিবার ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।