দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘লেহার’ সামান্য পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি আরও ঘনীভূত হয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলীয় এলাকায় ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। খবর বাসসের।
ঢাকায় আবহাওয়া দপ্তর বিজ্ঞপ্তিতে জানায়, ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর উত্তাল। ঘূর্ণিঝড়টি গতকাল সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১১৪০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার থেকে ১০৫০ কিলোমিটার দক্ষিণে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ১১৬৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে।