চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চারটি ইউনিটের মাধ্যমে নেওয়া হবে। এবার উচ্চমাধ্যমিকে পাসের হার কম হওয়ার কারণে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্যতা শিথিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকছে না এবার।
গতকাল সোমবার প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেন ভর্তি পরীক্ষা কমিটির সচিব ও একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি, একাডেমিক কমিটি ও সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্তগুলো নেওয়া হয়।
ভর্তি পরীক্ষা কমিটির সচিব এস এম আকবর হোছাইন বলেন, আগে দশটি ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হতো। এবার ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চারটি ইউনিটের মাধ্যমে নেওয়া হবে। ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারবেন। ‘এ’ ইউনিটে বিজ্ঞান অনুষদ, ইঞ্জিনিয়ারিং অনুষদ ও জীববিজ্ঞান অনুষদের বিভাগগুলো থাকছে। ‘বি’ ইউনিটে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারবেন। ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষার মাধ্যমে কলা ও মানববিদ্যা অনুষদের বিভাগগুলোতে ভর্তি হওয়া যাবে। ‘সি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা এবং ‘ডি’ ইউনিটের অধীনে সম্মিলিত সব বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে। ‘ডি’ ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এ ছাড়া বাণিজ্য অনুষদে ভর্তি হতে বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা দিতে হবে ‘ডি’ ইউনিটের অধীনে। জীববিজ্ঞান অনুষদের মনোবিজ্ঞান ও ভূগোল বিভাগে ভর্তি হতে মানবিক বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা দিতে হবে ‘ডি’ ইউনিটে।
এস এম আকবর হোছাইন আরও বলেন, চার ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হলেও প্রশ্নের মানবণ্টন কেমন হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে ২৬, ২৭, ২৮ ও ২৯ অক্টোবর। এর আগে ২২ থেকে ৩০ অক্টোবর পরীক্ষার তারিখ ঘোষণা হয়েছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে এবার ভর্তি ফরম পূরণ করতে হবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নিতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ন্যূনতম জিপিএ ৩ সহ মোট ৬.৫ থাকতে হবে। মানবিক বিভাগের শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিকে ন্যূনতম জিপিএ ২.২৫ সহ মোট জিপিএ ৫.৫ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ ৩ সহ মোট ৬ থাকতে হবে। গতবার পর্যন্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আবেদন করতে ন্যূনতম জিপিএ ৭ ও মানবিক শিক্ষার্থীদের জিপিএ-৬ থাকতে হতো।
ভর্তি পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হুদা প্রথম আলোকে বলেন, ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের ভোগান্তি ও আর্থিক সামর্থ্যের কথা বিবেচনায় নিয়ে এবার চারটি ইউনিটে পরীক্ষা নেওয়া হবে। ভর্তি পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে না। ভর্তি পরীক্ষা ফরমের পছন্দক্রম অনুযায়ী মেধাক্রম অনুসারে অনলাইনে বিষয় নির্ধারণ করে দেওয়া হবে।