এবার নতুন ভোটার ২৪ লাখের বেশি
এ বছর ভোটার তালিকা হালনাগাদে নতুন ভোটার হয়েছেন ২৪ লাখ ৩৭ হাজার ৩৩১ জন। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে ভারপ্রাপ্ত নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ এ তথ্য জানান।
হেলালুদ্দিন আহমদ বলেন, এ পর্যন্ত নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে ২৪ লাখ ৩৭ হাজার ৩৩১ জন। মৃত্যুর কারণে নাম বাদ পড়েছে ১৩ লাখ ৩৩ হাজার ২ জনের। ঠিকানা পরিবর্তন হয়েছে ৬০ হাজার ৮৭৬ জনের। তিনি বলেন, ৩৫ লাখ ভোটার করার লক্ষ্য ছিল। এর মধ্যে ৭০ ভাগ অর্জিত হয়েছে। শতকরা হিসেবে লক্ষ্য ছিল ৩ দশমিক ৫ শতাংশ, যার মধ্যে অর্জিত হয়েছে ২ দশমিক ৪ শতাংশ। ১০টি আঞ্চলিক কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে। ২০ আগস্ট থেকে তথ্য প্রদানকারীদের নিবন্ধন শুরু হবে।
ভারপ্রাপ্ত নির্বাচন কমিশন সচিব বলেন, ২০১৫ সালে অপ্রাপ্তবয়স্ক যেসব ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছিল তাদের ২০১৮ সালের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তবে তাদের সংখ্যা জানাতে পারেননি তিনি। অপ্রাপ্তবয়স্ক এসব ভোটারকে হিসাব করলে আরও প্রায় ১০ লাখ ভোটার যুক্ত হবে।
হেলালুদ্দিন আহমদ বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের কাজে ইসি ৭০ ভাগ সফল হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো তথ্য সংগ্রহকারীর বিরুদ্ধে বাড়ি বাড়ি না যাওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তাঁর বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল বুধবার চলতি বছরের ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে। আগামী ২০ আগস্ট থেকে নতুন ভোটারদের ছবি তোলাসহ নিবন্ধনের কাজ শুরু হবে। হালনাগাদের কাজে ৫৫ হাজার তথ্য সংগ্রহকারী ও ১১ হাজার সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছিল। প্রত্যেক বিভাগে, জেলা ও উপজেলায় কমিটি কাজ করেছে। ব্যাপক পোস্টার হ্যান্ডবিল বিলি করা হয়েছে। মোটামুটি লক্ষ্য যেটা আশা করা হয়েছিল, তার চেয়ে বেশি অর্জন করা গেছে।
তথ্য সংগ্রহের সময় বাড়ানো হবে কিনা—এ প্রসঙ্গে সচিব বলেন, কমিশনের এমন কোনো সিদ্ধান্ত নেই। ভোটার হওয়ার জন্য যথেষ্ট সময় আছে। নির্বাচন অফিসে যোগাযোগ করলে তাদের ভোটার করা হবে। সব সময় তারা ভোটার হতে পারবেন।
রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সংলাপ প্রসঙ্গে হেলালুদ্দিন আহমদ বলেন, ২৪ আগস্ট বেলা ১১টায় বিএনএফ এবং বিকেল তিনটায় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, ২৮ তারিখ বেলা ১১টায় বাংলাদেশ মুসলিম লীগ এবং বিকেল তিনটায় খেলাফত মজলিশ, ৩০ আগস্ট বেলা ১১টায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং বিকেল তিনটায় জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সঙ্গে সংলাপ হবে। ঈদের পরে কাদের সঙ্গে সংলাপ হবে তা পরে জানানো হবে।
বড় দলের সঙ্গে সংলাপের সময় প্রসঙ্গে ইসি সচিব বলেন, কমিশন ঠিক করেছে তালিকার শেষে যেসব নিবন্ধিত দল রয়েছে তাদের আগে ডাকা হবে। বড় দলগুলোর সঙ্গে আলোচনা করে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঠিক করা হবে কী করা হবে। রাজনৈতিক দলগুলোর সর্বোচ্চ ১০ জন আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন। তিনি বলেন, ‘আমরা কোনো এজেন্ডা দিইনি। তারা খোলামেলা সব বিষয়ে আলোচনা করবেন। আজ ও কালকের মধ্যে তাদের কাছে চিঠি পৌঁছে যাবে।’
সীমানা পুনর্নির্ধারণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হেলালুদ্দিন আহমদ বলেন, ‘সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে একজন কমিশনার আহ্বায়ক। উনি আজ (বৃহস্পতিবার) সভা করেছেন। আশা করছি আগস্টের মধ্যে একটা সিদ্ধান্ত পাওয়া যাবে। এটা এলাকা, জনসংখ্যা, ছিটমহল—সবকিছু মাথায় রেখেই করা হবে। বড় বড় শহরগুলোর জনসংখ্যা চিন্তাভাবনা করা হচ্ছে। কমিশন ও কমিটি আলোচনা করছে। এটা পরে জানা যাবে।’
এ ছাড়া স্মার্ট কার্ড ছাপানোর বিষয়ে বিদেশি কোম্পানি ফ্রান্সের ওবারথুর সঙ্গে চুক্তি নবায়ন করা হবে না। দেশীয় মেশিন টুলস ফ্যাক্টরি ও নিজস্ব ব্যবস্থাপনায় কার্ড ছাপানো ও বিতরণ করা হবে বলেও ইসি সচিব জানান।