
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০১৫–২০১৬ অর্থবছরের বাজেট ঘোষণা করে মেয়র আনিসুল হক বলেছেন, এবার নয়, আগামীবার কর বাড়ানো হতে পারে।
এই অর্থবছরে ১ হাজার ৬০১ কোটি ৯৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার উত্তরায় উত্তরা কমিউনিটি সেন্টারে মেয়র আনিসুল হক এ বাজেট ঘোষণা করেন। মেয়র বলেছেন, ‘সবুজ, নিরাপদ, স্মার্ট মানবিক ঢাকা গড়ে তোলার ব্যাপারে আমি প্রতিশ্রুতিবদ্ধ। তবে রাতারাতি তা পূরণ করা সম্ভব নয়। এক-দেড় বছর ধৈর্য ধরে অপেক্ষা করুন। পরিবর্তনটা দেখতে পাবেন। কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।’
গতকাল মধ্যাহ্নে বাজেট ঘোষণার সময় মেয়রের সঙ্গে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বি এম এনামুল হক, নতুন কাউন্সিল এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন বাজেটে কোনো কর বাড়ানো হয়নি। তবে আগামী বছর নতুন ও পুরোনো কর সমন্বয় করে পুনর্মূল্যায়নের প্রস্তাব দিয়েছেন মেয়র। এ প্রসঙ্গে তিনি বলেন, ১৯৮৬ সালের বিধি অনুসারে প্রতি পাঁচ বছর পরপর পঞ্চবার্ষিকী কর পুনর্নির্ধারণের বাধ্যবাধকতা থাকলেও সর্বশেষ ১৯৮৯-৯০ সালের পর আর কর পুনর্মূল্যায়ন করা হয়নি। ফলে একই এলাকায় একই মাপের পুরোনো বাড়ির মালিক ও নতুন বাড়ির মালিকের হোল্ডিং করের অনেক ব্যবধান সৃষ্টি হয়েছে। এ বৈষম্য দূরীকরণের জন্যও করের সমতা আনা প্রয়োজন। এতে ডিএনসিসির রাজস্ব আয়ও অন্তত তিন গুণ বাড়বে।
আয়: ডিএনসিসির ২০১৪-১৫ অর্থবছরের ৮০৩ কোটি ১৯ লাখ টাকার সংশোধিত এবং ২০১৫-১৬ অর্থবছরের জন্য রাজস্ব ও উন্নয়নসহ মোট ১ হাজার ৬০১ কোটি ৯ লাখ টাকার বাজেট চূড়ান্ত করা হয়েছে। আয়ের উল্লেখযোগ্য খাতের মধ্যে ডিএনসিসির নিজস্ব আয় থেকে ৮৮২ কোটি ১৫ লাখ টাকার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সরকারি অনুদান ১৩৫ কোটি টাকা এবং সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প থেকে ৪৭৬ কোটি টাকা পাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে।
ব্যয়: ব্যয়ের ক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে সড়ক ও ট্রাফিক অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের খাতে। পরিমাণ ২৪৯ কোটি টাকা। এ ছাড়া ব্যয়ের অন্য প্রধান খাতের মধ্যে রয়েছে ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ইত্যাদি, ১৩৫ কোটি টাকা। বিদ্যুৎ, জ্বালানি ও পানি খাতে ৫১ কোটি ৫০ লাখ টাকা। বর্জ্যব্যবস্থাপনার জন্য ২৩ কোটি টাকা। পরিবেশ উন্নয়ন খাতে ৩৩ কোটি ৭০ লাখ টাকা এবং মশক নিধনের জন্য রাখা হয়েছে ১৪ কোটি টাকা। বাজার নির্মাণ ও উন্নয়ন খাতে ৬৮ কোটি ৭০ লাখ টাকা। উদ্যান ও খেলার মাঠ উন্নয়নে সাড়ে আট কোটি টাকা। কবর, শ্মশান ও বৌদ্ধধর্মাবলম্বীদের শেষকৃত্য স্থানের উন্নয়নে ১৫ কোটি ২০ লাখ টাকা রাখা হয়েছে। অবৈধ দখল উচ্ছেদ, ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ৫০ লাখ টাকা ও কল্যাণমূলক ব্যয়ের জন্য ১৩ কোটি ২০ লাখ টাকা। বাজেটে উন্নয়ন খাতের মোট ব্যয় ১ হাজার ১৪৪ কোটি টাকা, যা বাজেটের প্রায় ৭১ শতাংশ।
বাজেট ঘোষণার পর মেয়র আনিসুল হক গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। যানজট, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, সবুজায়ন-সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, এগুলো দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা। রাতারাতি সমাধান করা সম্ভব নয়। তবে তিনি বলেছেন, সমস্যার সমাধান হবে। এ জন্য সময় লাগবে। প্রতিবছরই একেকটি বিশেষ বিশেষ ক্ষেত্র ধরে তিনি সমস্যার সমাধান করতে চান।
বর্জ্য ব্যবস্থাপনা: বর্জ্যব্যবস্থাপনা সম্পর্কে মেয়র বলেন, ডিএনসিসির ৩৫টি ওয়ার্ডের প্রতিটিতে অন্তত দুটি করে ‘সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন’ তৈরি করা হবে। এর মাধ্যমে পরিবেশবান্ধব উপায়ে বর্জ্য সংগ্রহব্যবস্থা গড়ে উঠবে।
দখল, যানজট, জলাবদ্ধতা: নগরের ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সম্পর্কে মেয়র বলেন, অবৈধ দখল নগরের যানজট ও জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ। দখল উচ্ছেদের জন্য নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে। তবে এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা প্রয়োজন ও সিটি করপোরেশনের একটি নিজস্ব ‘এনফোর্সমেন্ট টিম’ থাকা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
উন্নয়নের জন্য কমিটি: মেয়র বলেছেন, তিনি উন্নয়নের জন্য তিনি বিভিন্ন খাত নির্ধারণ করে ইতিমধ্যেই ১৪টি কমিটি করে দিয়েছেন। আরও ১৫টি কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। কমিটির সুপারিশ অনুসারে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে। কোনো দুর্নীতিকে তিনি প্রশ্রয় দেবেন না।
ভবিষ্যতে নির্বাচনের ইচ্ছা নেই: এক প্রশ্নের জবাবে মেয়র আনিসুল হক বলেন, ভবিষ্যতে তাঁর আবার নির্বাচন করার কোনো ইচ্ছা আপাতত নেই। কাজেই তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো নমনীয়তা দেখাবেন না। পরিকল্পনা অনুসারে দৃঢ়তার সঙ্গে কাজ করে যাবেন।