ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যায় গ্রেপ্তার হওয়া পাঁচ ছাত্রকে বহিষ্কারের পর এবার তিন ইমামকে অব্যাহতি দিয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) কর্তৃপক্ষ। এদিকে প্রতিষ্ঠানটির আরও এক ছাত্র হত্যাকাণ্ডে জড়িত বলে তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।তিন ইমামের অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে এনএসইউর মুখপাত্র ও উপপরিচালক বেলাল আহমেদ প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। অব্যাহতি পাওয়া ইমামেরা হলেন মাওলানা দেলোয়ার হোসেন, হারুনুর রশীদ ও জিয়াউর রহমান। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত সোমবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় জঙ্গিবাদবিরোধী পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়। এর অংশ হিসেবেই তিন ইমামকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। গত রোজার সময় তাঁদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নামাজ পড়ানোর জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। নামাজের স্থানে বসে রাজীব হত্যাকাণ্ডের পরিকল্পনা হয়েছে, সংবাদপত্রে এমন খবর ছাপা হওয়ার পর এনএসইউ কর্তৃপক্ষ বিষয়টিতে নজর দেয়। নর্থ সাউথ ইউনিভার্সিটির পাঁচ ছাত্র এহসান রেজা ওরফে রুম্মান, ফয়সাল বিন নাইম ওরফে দীপ, মাকসুদুল হাসান ওরফে অনিক, নাঈম শিকদার ও নাফিস ইমতিয়াজকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে তাঁরা বলেছেন, এ হত্যা পরিকল্পনার কথা আরেক সহপাঠী জানতেন। তিনি ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস বিভাগে পড়েন। হত্যা পরিকল্পনা করার সময় তিনিও উপস্থিত ছিলেন। ডিবির উপকমিশনার মোল্যা নজরুল ইসলাম প্রথম আলোক বলেন, পাঁচ তরুণের দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে আটজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এখন এঁদের ব্যাপারে প্রমাণ জোগাড় করছে ডিবি। তিনজন এখনো পলাতক।গত ১৫ ফেব্রুয়ারি রাতে পল্লবীর বাসার সামনে ব্লগার আহমেদ রাজীব হায়দারকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। লাশ উদ্ধারের সময় রাজীবের মুঠোতে কিছু চুল পায় পুলিশ। ওই চুলের ডিএনএ-বৃত্তান্ত সংগ্রহের জন্য জাতীয় ফরেনসিক প্রোফাইলিং পরীক্ষাগারে নমুনা পাঠানো হয়েছে। উপকমিশনার বলেন, ডিএনএ প্রতিবেদন পাওয়া গেলে এ চুল সন্দেহভাজন খুনিদের কি না, তা নিশ্চিত হওয়া যাবে। রিমান্ডে থাকা তরুণেরা ডিবিকে বলেছে, ওই চুল তাঁদের কারও নয়। তাঁদের ধারালো অস্ত্রের আঘাতে রাজীবের চুলই কেটে মুঠোতে পড়েছে। উপকমিশনার বলেন, প্রয়োজনে রিমান্ডের পাঁচ আসামিরও ডিএনএ পরীক্ষা করা হবে। তবে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেছেন, লাশ উদ্ধারের সময় তাঁর কাছে মনে হয়েছে, মুঠোতে থাকা চুল রাজীবের নয়। এগুলো খুনিদের হতে পারে। গ্রেপ্তার পাঁচ তরুণের বিষয়ে জানতে চাইলে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের (সামাজিক মনোচিকিৎসা) সহযোগী অধ্যাপক মো. তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, কিশোর ও তরুণ বয়সে মানসজগতে বিশেষ আদর্শ গঠনের সময়ে কোনো বিশেষ আদর্শ ঢুকিয়ে দেওয়া বীজ রোপণের মতো। এটা ধারণ করতে তাঁদের উদ্বুদ্ধ করা হয়েছে। তাঁরা এটিকে দুঃসাহসী ও বীরত্বপূর্ণ কাজ বলে মনে করেছেন। ভুল হলেও মগজধোলাইয়ের ফলে তাঁরা এটাকে সঠিক বলে ধরে নিয়েছেন। ধর্মের সঠিক ব্যাখ্যা দিয়ে তাঁদের সঠিক পথে ফিরিয়ে আনাই একমাত্র পথ।