এবার নাজমুল হুদার নতুন দল বিএনএ
সাবেক মন্ত্রী ও বিএনপির নেতা নাজমুল হুদা এবার বাংলাদেশ ন্যাশনাল এলায়েন্স (বিএনএ) নামে আরেকটি দল গঠন করলেন। গতকাল বুধবার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দলের নাম ঘোষণা করেন তিনি। নাজমুল হুদা অবশ্য বলেছেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) নামই পরিবর্তন করে বিএনএ করা হয়েছে।
নাজমুল হুদা জানান, বাংলাদেশ ন্যাশনাল এলায়েন্সের চেয়ারম্যান তিনি নিজে। আর মহাসচিব নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কমান্ডার এম শহিদুর রহমান পিএসসি। এ ছাড়া ১৩ সদস্যের আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করে বলা হয়, আগামী ৭ জানুয়ারি দলের জাতীয় সম্মেলন হবে।
২০১০ সালে বিএনএফ গঠিত হওয়ার পর নাজমুল হুদা এর আহ্বায়ক হন। একপর্যায়ে মতবিরোধ দেখা দিলে সংগঠনের প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ তাঁকে ‘বহিষ্কার’ করেন। এরপর নাজমুল হুদা সংবাদ সম্মেলন ডেকে বিএনএফকে বিলুপ্ত ঘোষণা করেন।
দলের নাম পরিবর্তন সম্পর্কে জানতে চাইলে বিএনএফের প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ বিস্ময় প্রকাশ করেন।