নারায়ণগঞ্জের দুই থানা ও ডিবির ৮৫ কর্মকর্তাকে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার নারায়ণগঞ্জের ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থেকে সহকারি উপপরিদর্শক (এএসআই) পর্যায়ের সব কর্মকর্তাকে (৮৫ জন) অন্যত্র বদলি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকা রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) এ বদলির আদেশে স্বাক্ষর করেন।

ঢাকা রেঞ্জ সূত্র জানায়, বদলি হওয়াদের মধ্যে আছেন ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও ডিবির ওসি এবং পরিদর্শক (তদন্ত) সহ ছয়জন। বাকি ৭৯ জন উপপরিদর্শক (এসআই), সহকারি উপপরিদর্শক (এএসআই)। তবে দুই থানা ও ডিবির কনস্টেবলদের বদলি করা হয়নি।   

যোগাযোগ করা হলে আজ রাতে ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান প্রথম আলোকে বলেন, এ বদলি শাস্তিমূলক নয়। পরিবর্তন আনতেই এটা করা হয়েছে।

এর আগে নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজন খুনের ঘটনায় র‌্যাব- ১১ এর পরিচালকসহ তিন কর্মকর্তা ও পুলিশ সুপারকে প্রত্যাহার করে নেওয়া হয়।