এবার নারী-পুরুষের সম্মিলিত প্রতিবাদে জরিপকাজ পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলা সীমান্তে বাংলাদেশ-ভারত সীমান্ত জরিপ প্রতিবাদের মুখে গতকাল বৃহস্পতিবার আবারও পণ্ড হয়ে গেছে। এবার প্রতিবাদ-বিক্ষোভে নারীরাও অংশ নেন। এ নিয়ে গত ডিসেম্বর থেকে একাধিকবার জরিপ দল ব্যর্থ হলো। জরিপ দল সূত্র জানায়, উপজেলার সোনারহাট (লিংকহাট) এলাকার মনাইকান্দি মৌজার কুলুমছড়া সীমান্তের ১২৬৪ নং মেইন পিলার এলাকায় গতকাল সকাল ১০টায় বাংলাদেশি জরিপ দল দ্বিতীয় দিনের মতো জরিপকাজের জন্য অবস্থান নেয়। এ সময় ভারতীয় জরিপ দলও ওই এলাকায় অবস্থান করে। কিন্তু সীমান্তবাসী অন্যবারের মতো জরিপের নামে সীমান্তের ভূমি ভারতের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ ও মানবপ্রাচীর গড়ে তোলে। এ সময় জরিপ দল নারী ও পুরুষের প্রতিরোধের মুখে অবরুদ্ধ হয়ে পড়ে। পরে জরিপ দল বেলা দুইটার দিকে ঘটনাস্থল ত্যাগ করে। জরিপ দলের সঙ্গে প্রশাসনের পক্ষে ছিলেন থানার উপপরিদর্শক (এসআই) সেলিম ভূঁইয়াসহ তিন-চারজন পুলিশ সদস্য এবং বিছনাকান্দি বিজিবি ক্যাম্প কমান্ডার রজব আলীসহ সাত-আটজন বিজিবির সদস্য।ভারতীয় জরিপ দল ও তাদের সঙ্গে থাকা বিএসএফের ২০-২৫ জন সদস্যও কুলুম ছড়ারপার এলাকা ত্যাগ করে। গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইফতেখার আহমেদ চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুছ মিয়া, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুল ইসলাম স্থানীয় মেম্বার ও গণ্যমান্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সীমান্তবাসীর সঙ্গে প্রায় চার ঘণ্টাব্যাপী বৈঠক করেন। সাময়িকভাবে গতকাল জরিপকাজের সিদ্ধান্ত হয়। বাংলাদেশ জরিপ দলে উপস্থিত ছিলেন জরিপ দলের প্রধান ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. ফেরদৌসী হোসেন, সার্ভেয়ার মো. আশরাফুল হোসেন, আলতাফ হোসেন, ইব্রাহিম খলিলসহ ১০-১২ জনের জরিপ দল। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন সে দেশের জরিপ দলের প্রধান সহকারী পরিচালক (জরিপ) সাংপিয়াং, সার্ভেয়ার এ টি এম মারুফ, খংলাসহ ৮-১০ জনের একটি জরিপ দল।এ ব্যাপারে মো. ফেরদৌসী হোসেনের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।