এবার নালার ওপর বিপণিবিতান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহদ্দারহাটে নালা ও ফুটপাতের ওপর দোকান নির্মাণ করছে চট্টগ্রাম সিটি করপোরেশন ।  ছবি: জুয়েল শীল
বহদ্দারহাটে নালা ও ফুটপাতের ওপর দোকান নির্মাণ করছে চট্টগ্রাম সিটি করপোরেশন । ছবি: জুয়েল শীল

সরকারি আইন ও বিধিমালা, সেই সঙ্গে হাইকোর্টের নিষেধাজ্ঞা—এসবের কোনোটির তোয়াক্কা না করে নালার ওপর বিপণিবিতান নির্মাণ করছে চট্টগ্রাম সিটি করপোরেশন। ‘ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের’ দোকান বরাদ্দ দেওয়ার নাম করে নির্মাণ করা হচ্ছে এই বিপণিবিতান।
এ ক্ষেত্রে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) কোনো অনুমোদন নেওয়ারও প্রয়োজন মনে করেনি করপোরেশন। গত বছর এই বিপণিবিতানের নির্মাণকাজ শুরু হয়। এখনো তা অব্যাহত রয়েছে। এ কাজের আগে চট্টগ্রাম নগরের প্রবর্তক এলাকায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জন্য নালার ওপর ভবন নির্মাণ করেছিল সিটি করপোরেশন। এবার তারা নেমেছে বিপণিবিতান নির্মাণের এই কাজে।
চট্টগ্রামের বহদ্দারহাট মোড়ের পাশে নালার ওপর ‘বহদ্দারহাট সিটি করপোরেশন শপিং কমপ্লেক্স’ নামের এই বিপণিবিতানের নির্মাণকাজ চলছে। এরই মধ্যে বিপণিবিতানের ৩৬টি দোকানও বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা গেছে। নালার ওপর কোনো ধরনের বিপণিকেন্দ্র নির্মাণ অনৈতিক ও নিয়মবহির্ভূত বলে মন্তব্য করেছেন স্থানীয় সাংসদ মঈন উদ্দীন খান নিজেও।
গত ২০ জানুয়ারি বহদ্দারহাট মোড় এলাকা পরিদর্শন করেন সাংসদ মঈন উদ্দীন। এ সময় তিনি এই বিষয়টি জাতীয় সংসদে উত্থাপনের ঘোষণা দেন। নির্মাণাধীন এই বিপণিবিতানের সামনে রয়েছে আরও চারটি বড় বিপণিকেন্দ্র। এগুলো হলো স্বজন সুপার মার্কেট, বখতেয়ার মার্কেট, খাজা মার্কেট ও আবু তাহের মার্কেট। এসব মার্কেটে প্রায় ৫০০ দোকান রয়েছে।
স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা অভিযোগ করেন, নালার ওপর অনুমোদনহীন এই বিপণিকেন্দ্র নির্মিত হলে এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হবে। এরই মধ্যে এখানকার রাস্তা সংকুচিত হয়ে গেছে। এতে বিপণিকেন্দ্রগুলোর অগ্নিনির্বাপণব্যবস্থা হুমকিতে এবং বিপণিকেন্দ্র-সংলগ্ন রাস্তায় হেঁটে চলাচল করা দায় হয়ে পড়েছে।
চউকের চেয়ারম্যান আবদুচ ছালাম প্রথম আলোকে বলেন, ‘নালার ওপর বিপণিকেন্দ্র নির্মাণে সিটি করপোরেশন আমাদের কোনো অনুমতি নেয়নি। এমনকি তারা আমাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগও করেনি।’
এ প্রসঙ্গে সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘ওখানে (নালার ওপর) অনেক আগে থেকেই বিপণিকেন্দ্র ছিল। নগরের জলাবদ্ধতা নিরসনে নালা প্রশস্ত করার সময় এটি উচ্ছেদ করা হয়েছিল। এখন প্রশস্ত নালার ওপর বিপণিকেন্দ্র করে ক্ষতিগ্রস্তদের দোকান দেওয়া হচ্ছে।’
আদালতের নিষেধাজ্ঞা প্রশ্নে মেয়র এক অদ্ভুত জবাব দেন। তিনি বলেন, ‘আইনের প্রতি আমরা অত্যন্ত শ্রদ্ধাশীল। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির (সিডিএমপি) অর্থায়নে নগরের মুরাদপুর, শুলকবহর, বহদ্দারহাট ও চান্দগাঁও এলাকার জলাবদ্ধতা নিরসনে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছিল। প্রকল্পের আওতায় শুলকবহর থেকে পানি উন্নয়ন বোর্ড কার্যালয় পর্যন্ত পাঁচ ফুটের নালা ১৪ ফুট প্রশস্ত করতে দুই কোটি ১৯ লাখ ৩১ হাজার ৯২৪ টাকার কাজ শুরু করা হয়। এ কাজে করপোরেশন গত বছরের ১১ জানুয়ারি দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করে। দরপত্র-প্রক্রিয়া শেষে একই বছর ১০ মার্চ ফোর স্টার সিন্ডিকেট নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সিটি করপোরেশন ওই সময় বহদ্দারহাট অংশের নালার ওপর বিপণিকেন্দ্র নির্মাণ শুরু করে। শুরু থেকেই ব্যবসায়ীরা এর বিরোধিতা করেন। করপোরেশনের মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে তাঁদের পক্ষ থেকে একাধিকবার চিঠিও দেওয়া হয়। কিন্তু এগুলোর কোনো ধার না ধেরে নির্মাণকাজ অব্যাহত রাখা হয়।
ব্যবসায়ীরা আরও জানান, করপোরেশনের এই একগুঁয়েমির কারণে তাঁরা এ বছরের ২৭ জানুয়ারি এ বিষয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। রিটের পরিপ্রেক্ষিতে আদালত বিপণিকেন্দ্রের নির্মাণে নিষেধাজ্ঞা জারি করেছেন।
ব্যবসায়ীদের অভিযোগ, নিষেধাজ্ঞার আগে প্রতিদিন কাজ করতেন সাত-আটজন শ্রমিক। কিন্তু নিষেধাজ্ঞার পর ৫০-৬০ জন শ্রমিককে দিন-রাত কাজে লাগানো হয়েছে।
সরেজমিনে গত রোববার শ্রমিকদের কাজ করতে দেখা গেছে। তবে গতকাল সোমবার কাউকে দেখা যায়নি।
স্বজন সুপার মার্কেটের অন্যতম স্বত্বাধিকারী জগন্নাথ বৈষ্ণব প্রথম আলোকে বলেন, ‘সিটি করপোরেশনকে কর দিলেও কোনো ধরনের সহযোগিতা পাচ্ছি না। উল্টো আমাদের এই করের টাকায় অবৈধভাবে বিপণিকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এতে পুরো এলাকায় জলাবদ্ধতা দেখা দেবে।’
একই মার্কেটের ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বলেন, ‘নালার ওপর সিটি করপোরেশন অবৈধভাবে বিপণিকেন্দ্র নির্মাণ করতে থাকায় আমরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছি। রাস্তা সংকুচিত হয়ে যাওয়ায় গাড়িতে করে মালামাল আনা-নেওয়া করা যাচ্ছে না। ক্রেতা-বিক্রেতাদের চলাচলেও সমস্যা হচ্ছে।’
গিয়াস উদ্দিন আরও বলেন, বিপণিকেন্দ্রগুলোতে অগ্নিকাণ্ডসহ কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে দমকল বাহিনীর গাড়ি এখানে আর প্রবেশ করার সুযোগ পাবে না। ফলে বড় রকমের ঝুঁকিতে আছেন ব্যবসায়ী, ক্রেতাসাধারণ ও তাঁদের পরিবারের সদস্যরা।