এবার নাশকতা ‘সুরক্ষিত’ কমলাপুর স্টেশনে, পুড়ল ট্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার দেশের প্রধান ও ‘সুরক্ষিত’ রেলস্টেশন কমলাপুরে নাশকতার শিকার হলো একটি যাত্রীবাহী ট্রেন। স্টেশনে দাঁড়ানো অবস্থায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের একটি বগি। আরও দুটি বগির পুড়েছে অংশবিশেষ।রেল কর্তৃপক্ষের ধারণা, জামায়াত-শিবির এই নাশকতা করেছে। তারা সারা দেশে যে তাণ্ডব চালাচ্ছে, তারই ধারাবাহিকতায় কমলাপুরে ট্রেনে আগুন দেওয়া হয়েছে। গত শনিবার রাতে রাজশাহীতে সিল্ক সিটি ট্রেনের বগিতে এভাবে আগুন দেওয়া হয়। নাশকতার পরও উপকূল ট্রেনটি সন্ধ্যা ছয়টার দিকে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।কমলাপুরের ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর রেলওয়ের নিরাপত্তা বাহিনী ও পুলিশসহ অন্যরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুন নেভানো দেখছিলেন। মূল ফটকে তল্লাশি কিংবা দুষ্কৃতকারীদের স্টেশন থেকে খুঁজে বের করার কোনো তৎপরতাই দেখা যায়নি।আগুন লাগার মিনিট খানেক আগেই অন্য একটি বগি থেকে নেমেছিলেন আশুগঞ্জ থেকে আসা যাত্রী রমজান আলী। তিনি জানান, তিনি নামার সময় নিরাপত্তা বাহিনীর কোনো তৎপরতা তাঁর চোখে পড়েনি। তিনি জানান, বিকট শব্দ হওয়ার পর পরই সবাই দৌড় শুরু করে।রেলে রক্ষিত তথ্যমতে, উপকূল এক্সপ্রেস ট্রেনটি নোয়াখালী থেকে কমলাপুর স্টেশনে এসে পৌঁছায় বিকেল চারটা পাঁচ মিনিটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি থামার দুই মিনিটের মধ্যেই এর ভেতরে বিকট শব্দ হয়। এর পরই মাঝবরাবর একটি বগি থেকে ধোঁয়া বের হওয়া শুরু হয়। মুহূর্তের মধ্যে পুরো স্টেশন এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। বিকট শব্দের সঙ্গে সঙ্গেই লোকজন দিগিবদিক ছোটাছুটি শুরু করে।উপকূল ট্রেনের পরিচালক এ আর চৌধুরী প্রথম আলোকে বলেন, তিনি তখনো সর্বশেষ বগি, অর্থাৎ পরিচালকের কক্ষেই অবস্থান করছিলেন। নেমে দেখেন ধোঁয়ায় আচ্ছন্ন সব। তিনি জানান, ট্রেনে যাত্রী তুলনামূলক কম ছিল এবং প্রায় সব যাত্রীই নেমে যেতে পেরেছিল।উপকূল ট্রেনটিতে বগি ছিল ১৯টি। সামনে ইঞ্জিন ও নয়টি বগি এবং পেছনে নয়টি বগি। আগুন লেগেছে ১০ নম্বর বগিতে, অর্থাৎ একেবারে মাঝখানের বগিটিতে।আগুন লাগার সময় স্টেশনে ছিলেন রেলের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মাহবুবুর রহমান ও উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) আল মামুন। তাঁরা জানান, ঘটনার পর পরই ইঞ্জিনের দিক থেকে নয়টি বগি আলাদা করে ইঞ্জিন দিয়ে টেনে একটু সামনে এগিয়ে নেওয়া হয়। এরপর একইভাবে যে বগিটিতে আগুন লাগে, সেটি পেছনের নয় বগি থেকে আলাদা করা হয়। এ সময় স্টেশনে থাকা কুলি ও টোকাইরা দ্রুত আগুন লাগা বগি ও এর দুই পাশের দুই বগির ছাদে উঠে এর ওপরে থাকা পানির কয়েকটি লাইন খুলে দেয়। এতে পাশের দুটি বগির আগুন নিভে যায়, আর যে বগিতে আগুনের সূত্রপাত, সেই বগির আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এরপর দমকল বাহিনী এসে পাম্প ছেড়ে পুরোপুরি নিয়ন্ত্রণে আনে আগুন। ততক্ষণে পুরো বগির আসন, ভেতরের পাখা, বৈদ্যুতিক তারসহ সব পুড়ে ছাই হয়ে যায়।ওই ট্রেনের অ্যাটেনডেন্ট আনোয়ার হোসেন বলেন, পুড়ে যাওয়া বগিসহ তিনটি বগি তাঁর দায়িত্বে ছিল। তিনি পাশের বগিতে ছিলেন। হঠাৎ বিকট শব্দ পেয়ে বের হয়ে দেখেন লোকজন দৌড়াচ্ছে। ওই ট্রেনে যাত্রীদের মালামাল বহনের জন্য যাওয়া মো. রাজ বলেন, ‘আমি পুড়ে যাওয়া বগির পাশেই ছিলাম। বিকট শব্দ হওয়ার পর আট-নয়জনকে দৌড়ে যেতে দেখেছি।’রেলের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁদের ধারণা, নাশকতা সৃষ্টিকারীরা যাত্রী সেজে বিমানবন্দর স্টেশন থেকে উঠে থাকতে পারে। ঘটনার পর পরই রেলমন্ত্রী মুজিবুল হক, সচিব মহবুব-উর-রহমান, মহাপরিচালক আবু তাহের, অতিরিক্ত মহাপরিচালক শাহ জহিরুল ইসলাম, খলিলুর রহমান প্রমুখ স্টেশনে যান।রেলমন্ত্রী সাংবাদিকদের বলেন, যাত্রী হয়ে উঠে জামায়াত-শিবির এই নাশকতা চালিয়েছে। দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে থাকতে পারে তারা। প্রাথমিকভাবে প্রায় এক কোটি টাকার ক্ষতির ধারণা করছেন তিনি।রাজশাহীতে স্টেশনে থাকা ট্রেনে আগুন দেওয়ার পর দেশের প্রধান রেলস্টেশন কমলাপুরে আগুন দেওয়া হলো। তাহলে কি নাশকতা ঠেকাতে রেল কর্তৃপক্ষের পর্যাপ্ত প্রস্তুতি ছিল না? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী দাবি করেন, ‘রেল পুলিশ ও নিরাপত্তা বাহিনী সদা প্রস্তুত। তবে নাশকতা ঠেকাতে সাধারণ মানুষের সহায়তা দরকার।’