এবার নিজের গর্তে পড়ে প্রাণ গেল ব্যবসায়ীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন আগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা কেটে অবৈধভাবে পাথর তুলতে গিয়ে গর্ত ধসে ছয় শ্রমিক নিহত হয়েছেন। এবার একইভাবে পাথর তোলায় সময় শ্রমিক নয়, গর্তে পড়ে মালিকপক্ষের এক পাথর ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ জানুয়ারি শাহ আরেফিন টিলা কেটে অবৈধভাবে পাথর তুলতে গিয়ে গর্ত ধসে পাঁচজন শ্রমিক নিহত হন। এ ঘটনার প্রায় দুই সপ্তাহ পর ১১ ফেব্রুয়ারি একই জায়গায় ফের গর্ত ধসে নিহত হন আরেক শ্রমিক। এ দুই ঘটনার পর গত বৃহস্পতিবার রাতে ঘটল তৃতীয় দুর্ঘটনা।
বৃহস্পতিবার নিহত ইয়াকুব আলী নামের ওই ব্যবসায়ী ২৩ জানুয়ারি হতাহতের ঘটনায় তদন্ত কমিটি চিহ্নিত ৪৭ ‘পাথরখেকো’ তালিকায় থাকা ও হত্যা মামলার আসামি আনজু মিয়ার ভাতিজা। আর যে গর্ত ধসে ইয়াকুব মারা গেছেন, সেই গর্তের মালিক আবদুল হান্নানের নামও রয়েছে ওই তালিকায়।
বৃহস্পতিবার রাতের ধসের ঘটনায় কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেছেন। এতে নিহত ইয়াকুবের বাবা রজব আলী, আনজু মিয়া, আবদুল হান্নানসহ অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে রাতেই রজব আলীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শাহ আরেফিন টিলা এলাকার তিনজন প্রত্যক্ষদর্শী বলেন, গত বৃহস্পতিবার রাতে পাথর তোলার জন্য শ্রমিকেরা গর্ত খুঁড়ছিলেন। হঠাৎ গর্ত ধসে ইয়াকুব আলী মাটির নিচে চাপা পড়েন। সঙ্গীরা পরিবারের সদস্যদের জানিয়ে ইয়াকুব আলীকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর ইয়াকুবের মরদেহ পরিবারের সদস্যরা বাড়ি নিয়ে গেলে ইউপির সদস্যরা ঘটনাটি পুলিশসহ উপজেলা প্রশাসনকে জানান।
কোম্পানীগঞ্জ থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বলেন, এর আগে পৃথক দুটি ধসের ঘটনায় দুটি হত্যা মামলা করা হয়েছে। এ দুটি মামলার আসামি আনজু মিয়া পলাতক। তাঁেক গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কোম্পানীগঞ্জের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল লাইছ বলেন, বৃহস্পতিবার রাতের ঘটনার খবর পেয়ে তিনি তাৎক্ষণিক পুলিশকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। গতকাল সকাল থেকে শাহ আরেফিন টিলায় যাতায়াতের দুটি রাস্তা দিয়ে পাথরবাহী যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।
শাহ আরেফিন টিলার অবস্থান কোম্পানীগঞ্জের পশ্চিম ইসলামপুর ইউনিয়নে। ইউপির চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিনও বলেন, বৃহস্পতিবার রাতের ঘটনায় কোনো সাধারণ শ্রমিক নন, গর্তে পড়ে মালিকপক্ষের লোক নিহত হয়েছেন। সার্বিক অবস্থা এখন এমন, পাথর তোলার ক্ষেত্রে সার্বক্ষণিক প্রশাসনিক নজরদারির প্রয়োজন হয়ে পড়েছে।