এবার নিরাপত্তা চেয়ে শিক্ষকদের জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই শিক্ষকের বাসায় হামলা এবং দুই শিক্ষককে ছাত্র ও শিক্ষক কর্তৃক নাজেহাল করার ঘটনার বিচার না হওয়ার পাশাপাশি বিভিন্ন মহলের হুমকির কারণে গতকাল বৃহস্পতিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬১ জন শিক্ষক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় সদর দক্ষিণ মডেল থানায় গিয়ে শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু পরিষদের শিক্ষকেরা অভিন্ন ওই জিডি করেন। এর আগে গত মঙ্গলবার প্রশাসনিক ২৫টি পদ থেকে পদত্যাগ করেন শিক্ষকেরা।
বিশ্ববিদ্যালয়ের অন্তত চারজন শিক্ষক বলেন, গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. আবু তাহের ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ আইনুল হকের নেতৃত্বে আন্দোলনরত শিক্ষকেরা বাস নিয়ে সদর দক্ষিণ মডেল থানায় যান। এ সময় একই অভিন্ন আবেদনে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ৬১ জন শিক্ষক জিডি করেন।
জিডিতে উল্লেখ করা হয়, ‘আমরা নিম্নস্বাক্ষরকারী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সাম্প্রতিক সময়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর হামলা, শিক্ষার্থী কর্তৃক শিক্ষককে লাঞ্ছনা ও হুমকি প্রদানসহ বহুবিধ ঘটনা ঘটেছে এবং প্রতিনিয়ত ঘটে চলছে। উক্ত বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আবেদন জানালেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। যার পরিপ্রেক্ষিতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’ পরে থানায় জিডি রেকর্ড করা হয়।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম শিক্ষকদের জিডি করার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে গতকাল বেলা ১১টায় ক্লাস, পরীক্ষা চালুসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ও আশপাশের কয়েকটি হল-মেসের ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত বক্তৃতা পর্বে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ক্লাস ও পরীক্ষা চালুর দাবি জানানো হয়। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ আইনুল হক বলেন, ‘একে একে চারজন শিক্ষকের ওপর হামলা ও নাজেহালের ঘটনা ঘটল, অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ধরনের বিচার করল না। উল্টো প্রশাসন শিক্ষকদের বিরুদ্ধে গুটিকয়েক ছাত্রকে মাঠে নামিয়ে দিয়েছে। দাবি আদায় হলে আমরা শিগগির ক্লাস ও পরীক্ষার হলে ফিরে যাব। শিক্ষকদের নানাভাবে হুমকি দেওয়ার কারণে বাধ্য হয়ে আমরা জিডি করেছি।’
প্রসঙ্গত, শিক্ষক সমিতির ডাকে গত ১৯ জানুয়ারি থেকে ক্লাস এবং ২২ জানুয়ারি থেকে চূড়ান্ত সেমিস্টার পরীক্ষা বন্ধ রয়েছে।