এবার নির্বাচনে চার বিদেশি পর্যবেক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য ভারত ও ভুটান থেকে দুজন করে চারজন পর্যবেক্ষক এসেছিলেন। তাঁরা ঢাকায় পাঁচটি কেন্দ্রের ২৫টি পোলিং বুথ পর্যবেক্ষণ করেন।
ভারত থেকে আসেন ত্রিপুরার চিফ ইলেকটোরাল অফিসার আশুতোষ জিন্দাল ও নির্বাচন কমিশনের পরিচালক বি বি গারগা। ভুটান থেকে আসেন নির্বাচন কমিশনের পরিচালক সোনম তাবগায়াল ও পাবলিক ইলেকশন ফান্ড বিভাগের ব্যবস্থাপক তাশি দরজি। পর্যবেক্ষকেরা দুপুরের পর মিরপুরে আদর্শ হাইস্কুল কেন্দ্রে যান। সেখানে ভোট গ্রহণ প্রত্যক্ষ করে যান মিরপুর বাংলা স্কুল (বালিকা শাখা) কেন্দ্রে। এই কেন্দ্রে তাঁরা ভোট গণনা প্রত্যক্ষ করেন। এরপর তাঁরা আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে যান। সেখানে সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘কিছু এলাকায় ভোটারের উপস্থিতি বেশ ভালো। আর কিছু এলাকায় তেমন ভোটার ছিল না।’
প্রধান বিরোধী দলবিহীন এই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে— এমন প্রশ্নের জবাবে জিন্দাল বলেন, এ বিষয়ে তাঁদের মন্তব্য করার কোনো ম্যান্ডেট নেই। আর তাঁরা নির্বাচনপ্রক্রিয়া দেখতে এসেছেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের কাজ সম্পর্কে অবহিত হতে এসেছেন। এর আগে সকালে চারজন বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ শুরু করেন সায়েদাবাদে আর কে চৌধুরী উচ্চবিদ্যালয় কেন্দ্র দিয়ে। সেখান থেকে টিকাটুলী সেন্ট্রাল উইমেন্স কলেজ কেন্দ্র ঘুরে তাঁরা যান রাজধানীর আজিমপুর গার্লস স্কুল ভোটকেন্দ্রে। আজিমপুর গার্লস স্কুল কেন্দ্রে সাংবাদিকদের আশুতোষ জিন্দাল বলেন, নির্বাচনে কোনো উৎসবের আমেজ নেই। ভোটারের উপস্থিতিও কম। তবে কোনো গোলমাল বা সহিংসতা চোখে পড়েনি। জিন্দাল আরও বলেন, সব মিলিয়ে ভোটের পরিবেশ তাঁদের কাছে ভালো মনে হয়েছে। বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনকালে নির্বাচন কমিশনের কর্মকর্তারা তাঁদের সঙ্গে ছিলেন।