এবার নির্বাচনে ১৫১ আসন পেতেই হবে: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘ডু অর ডাই। যেভাবেই হোক, জাতীয় পার্টিকে এবার নির্বাচনে ১৫১টি আসন পেতে হবে। এ জন্য দলকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। দলের নেতা-কর্মীদের মধ্যে নো মারামারি, নো ঝগড়াঝাঁটি।’ গতকাল বুধবার বিকেলে রংপুর টাউন হলে জেলা জাতীয় পার্টি আয়োজিত এক কর্মিসভায় তিনি এ কথা বলেন।বিশ্বজিৎ হত্যাকাণ্ড প্রসঙ্গে এরশাদ বলেন, এটি একটি নারকীয় হত্যাকাণ্ড। তাই প্রতিবছর ৯ ডিসেম্বর ‘বিশ্বজিৎ দিবস’ পালন করবে জাতীয় পার্টি। তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে এরশাদ বলেন, এর কোনো বিকল্প নেই। এ অবস্থায় বিএনপি নির্বাচনে না এলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বিশ্বের কাছে প্রশ্ন দেখা দিতে পারে। তিনি আরও বলেন, এই মহাজোট সরকারের কাছে জাতীয় পার্টি কিছুই পায়নি। পেয়েছে শুধু একজন মন্ত্রী।রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মসিউর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সভাপতিমণ্ডলীর সদস্য তাজুল ইসলাম চৌধুরী, শওকত হোসেন, জয়নাল আবেদীন, আবদুর রশিদ সরকার ও সাবেক সাংসদ করিম উদ্দিন ভরসা, সালাউদ্দিন কাদেরী, আবদুর রাজ্জাক প্রমুখ।এদিকে গতকাল বুধবার বেলা একটার দিকে দর্শনার মোড়ে অবস্থিত এরশাদের পল্লি নিবাসে পীরগাছা ও কাউনিয়া উপজেলার জাতীয় পার্টির কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় ১০ জন আহত হয়েছেন।