এবার নীরব বিপ্লব ঘটবে: আকরাম
২০০১ সালের নির্বাচনে ভরাডুবির পর নারায়ণগঞ্জ আওয়ামী লীগের শীর্ষ নেতারা যখন পলাতক, বেশির ভাগ নেতা-কর্মী যখন আতঙ্কে, তখন দল দেখভালের দায়িত্ব পান এস এম আকরাম। সাবেক এই সাংসদ এক দশক ধরে আহ্বায়ক হিসেবে জেলা আওয়ামী লীগের হাল ধরে আছেন।এবার সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রার্থী-সমর্থন নিয়ে যা ঘটছে, তাতে চরম বিরক্ত আকরাম। তাঁর মতে, ৩০ অক্টোবরের নির্বাচনে ভোটাররা নীরব বিপ্লব ঘটাবেন। গতকাল শনিবার প্রথম আলোকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক এস এম আকরাম সরকারের অতিরিক্ত সচিব ছিলেন। ১৯৯৬ সালে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসন থেকে সাংসদ নির্বাচিত হন তিনি। ২০০৮ সালের নির্বাচনে প্রথমে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেও পরে আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়। এ কারণে তাঁর আর নির্বাচন করা হয়নি। এবার মেয়র পদে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তবে শেষ মুহূর্তে তা প্রত্যাহার করে নেন।সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে দলের অবস্থা কী, জানতে চাইলে এস এম আকরাম বলেন, ‘আমি নিজেও তো প্রার্থী ছিলাম। কিন্তু দলের স্বার্থে প্রার্থিতা প্রত্যাহার করেছি। আশা করেছিলাম, ভোটারদের কাছে যাঁর গ্রহণযোগ্যতা বেশি, যাঁর বিরুদ্ধে কোনো নেতিবাচক প্রচারণা নেই, দলের স্বার্থে তাঁর পক্ষে অন্য প্রার্থীও নিজের প্রার্থিতা প্রত্যাহার করবেন। কিন্তু তা হয়নি। সেলিনা হায়াৎ আইভী ও শামীম ওসমান দুজনেই আওয়ামী লীগ করেন। এখানে দল দুই ভাগে বিভক্ত। তাই নেতা-কর্মীরা বিভ্রান্ত। বিএনপি তো এর থেকে সুবিধা নেবে।’শামীম ওসমান তো দাবি করছেন, তিনি দলের প্রার্থী। আপনার মন্তব্য কী? এস এম আকরাম বলেন, দল কখনো শামীম ওসমানকে সমর্থন দেয়নি। এটি মিথ্যা প্রচার। আর সিটি করপোরেশন নির্বাচনে শামীম ওসমানের নির্বাচন করাটাও ঠিক হচ্ছে না। তাঁকে কেউ সমর্থন দেওয়ার কথা ভাবলে সেটি হবে ভুল। কারণ শামীম ওসমান ভুল প্রার্থী।তাহলে এই নির্বাচনে আওয়ামী লীগের পরিণতি কী হবে? আকরাম বলেন, ‘নেতা-কর্মীরা বিভক্ত, এটি হতাশার কথা। কিন্তু আশার কথা হলো, সাধারণ ভোটারদের মধ্যে কোনো বিভক্তি নেই। আমার মনে হয় না যে তাঁরা কোনো ভুল সিদ্ধান্ত নেবেন। আর এটিই বাস্তবতা যে নারায়ণগঞ্জে আইভী অনেক জনপ্রিয়। সুষ্ঠু নির্বাচন হলে নারায়ণগঞ্জে এবার ভোটের নীরব বিপ্লব ঘটবে। আর এই বিপ্লব হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জবাবদিহিমূলক সৎ রাজনীতির পক্ষে। আমার মনে হয়, ভোটাররা ৩০ অক্টোবর কোনো ভুল করবেন না।’