‘রাজনীতি’মুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫ ডিসেম্বর। এবারই প্রথম শিক্ষকেরা নীল ও সাদা দলে বিভক্ত হয়ে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকেরা নীল দলের ব্যানারে; অন্যদিকে স্বাধীনতা, ঐতিহ্য ও জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকেরা সাদা দলের ব্যানারে নির্বাচন করছেন।
গত বুধবার উভয় দল তাদের প্যানেল পরিচিতি ঘোষণা করে। পাশাপাশি নীল দল ১৭টি এবং সাদা দল ১৩টি অঙ্গীকার দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করে। নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১৫টি পদে শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন হবে। এতে নীল দলের সভাপতি পদপ্রার্থী হয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ সৈয়দুর রহমান। সাধারণ সম্পাদক পদপ্রার্থী মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান। সাদা দলের সভাপতি পদপ্রার্থী হলেন লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদা কামাল। সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. বেলাল উদ্দিন। গণিত বিভাগের অধ্যাপক জুলফিকার আলী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন। এবার ১৩৩ জন শিক্ষক নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।
১৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত টানা ভোট গ্রহণ হবে। এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইনের ৪৩(৪) ধারায় বলা আছে, ‘কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী কোনো রাজনৈতিক সংগঠনের সদস্য হইতে পারিবেন না।’ তা ছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুরু থেকেই এখানে রাজনীতি ও ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। এর পরও কতিপয় ছাত্র ও শিক্ষক রাজনৈতিক দলগুলোর ছত্রচ্ছায়ায় অঙ্গসংগঠন বানিয়ে রাজনীতি করছেন। এবারের শিক্ষক সমিতির নির্বাচনে দুই পক্ষের আলাদা প্যানেলেই সেটি দৃশ্যমান হয়ে ওঠে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও নৃবিজ্ঞান বিভাগের প্রধান মোহাম্মদ আইনুল হক বলেন, ‘প্রচলিত ধারার রাজনীতি শিক্ষকেরা করছেন না। নিজেদের অধিকার ও দাবি-দাওয়া আদায়ের জন্যই শিক্ষক সমিতির নির্বাচন হচ্ছে।