এবার নোমান অনুসারীদের আলোচনা সভা ও মেজবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিএনপির আবদুল্লাহ আল নোমানের অনুসারীরা গতকাল মঙ্গলবার আলোচনা সভার আয়োজন করেছে। এতে নোমান বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের অপচেষ্টা যেকোনো প্রকারে বিএনপি রুখবে। দলীয় সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশ নেবে না। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দিন পর গতকাল সন্ধ্যায় নোমানের অনুসারীরা নগরের একটি কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভার আয়োজন করে। পরে সেখানে চারটি গরু দিয়ে মেজবান দেওয়া হয়। আগের দিন আমীর খসরুর অনুসারীরা আলোচনা সভার আয়োজন করে।সভায় নোমান আরও বলেন, আগামী নির্বাচনে শোচনীয় পরাজয় জেনে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার-পদ্ধতি বাতিলের ষড়যন্ত্র করছে। তারা সস্তা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল। এখন তাদের পায়ের নিচে মাটি নেই। এই সরকার গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের আচরণ ও কর্মকাণ্ডের কারণে গণতন্ত্র ও সাংবিধানিক শাসনব্যবস্থা আজ হুমকির মুখে।বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিমউদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইনাম উল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি আবুল কাশেম চৌধুরী, আ ন ম মোক্তাদের, সিদ্দিক আহমেদ চৌধুরী, হাসান মোহাম্মদ, নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এ সবুর, কাজী আকবর, ইফতেখার হোসেন প্রমুখ।নগর বিএনপির রাজনীতিতে একটি পক্ষের নেতৃত্বে আছেন আবদুল্লাহ আল নোমান এবং অন্যটির নেতৃত্বে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় বিএনপি আলাদা কর্মসূচি পালন করে।গত সোমবার দুই পক্ষ দলীয় কার্যালয় নাসিমন ভবন থেকে আলাদা গাড়িবহর নিয়ে রাঙ্গুনিয়ায় জিয়ার প্রথম কবরে ফুল দেয়। ওই দিন বিকেলে আমীর খসরু নাসিমন ভবনে আলোচনা সভা করেন। এতে নোমান কিংবা তাঁর কোনো অনুসারী কাউকে দেখা যায়নি। একইভাবে গতকালের আলোচনা সভায় আমীর খসরুর কোনো অনুসারীকে দেখা যায়নি।এদিকে গতকাল সকালে সাতকানিয়ার একটি কমিউনিটি সেন্টারে স্থানীয় বিএনপির আরেকটি আলোচনা সভায় নোমান অংশ নেন। সেখানেও তিনি সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি স্থানীয় নেতা-কর্মীদের আগামী আন্দোলন-সংগ্রামে শামিল হওয়ার আহ্বান জানান। ওই আলোচনা সভায় জাফরুল ইসলাম চৌধুরী, মহিলা সাংসদ সৈয়দা পাপিয়া প্রমুখ অংশ নেন।