
রংপুরের তারাগঞ্জ উপজেলার ১৫৩টি রাস্তায় লাগানো আড়াই লাখ গাছের চারার পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন উপজেলাবাসী। চারা রক্ষায় খুঁটি গেড়ে তার সঙ্গে বেঁধে দিচ্ছেন তাঁরা।
উপজেলা প্রশাসনের উদ্যোগে গত বৃহস্পতিবার এক ঘণ্টায় আড়াই লাখ গাছের চারা রোপণ করা হয়। ‘সবুজ তারাগঞ্জ গড়ি’ কর্মসূচি সফল করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিলুফা সুলতানা গতকাল এলাকায় ঘুরে সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়েছেন। ৩০ হাজারের বেশি মানুষ এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।
উপজেলা পরিসংখ্যান অফিস সূত্রে জানা গেছে, পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত তারাগঞ্জের লোকসংখ্যা ১ লাখ ৪২ হাজার ৫১২ জন। সেই উপজেলায় এক ঘণ্টায় রোপণ করা হয়েছে আড়াই লাখ গাছের চারা। গতকাল বিভিন্ন গ্রামীণ সড়ক দিয়ে যাওয়ার সময়ে মানুষজনকে বলতে শোনা গেছে, তারাগঞ্জে এখন মানুষের চেয়ে চারাগাছ বেশি।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বিভিন্ন রাস্তা ঘুরে দেখা গেছে, কেউ বাঁশের খুঁটি তৈরি করছেন, কেউ তা চারার গোড়ায় পুঁতে বেঁধে দিচ্ছেন। পাঁচ ইউনিয়নের জনপ্রতিনিধিরাও গাছ পরিচর্যার তদারক করছেন। কয়েকটি রাস্তার মোড়ে দেশাত্মবোধক গান বাজতে দেখা গেছে। ইউএনওকেও শুক্রবার ছুটির দিনে এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা গেছে।
কুর্শা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফজালুল হক বলেন, ‘১ সেপ্টেম্বর রাতেও ইউএনও পাঁচ চেয়ারম্যানকে নিয়ে সভা করেছেন। গাছ পরিচর্যাই এখন মূল বিষয়। শুক্রবার ছুটির দিনেও তিনি রাস্তায় রাস্তায় ঘুরেছেন।’
রংপুর-দিনাজপুর মহাসড়কের চিকলী ডাল সড়ক নামক এলাকায় একদল লোককে গাছের চারায় খুঁটি বাঁধতে দেখা গেল। উত্তরপাড়া গ্রামের গৃহবধূ দিলরুবা খাতুন বলেন, ‘এই ইউএনও স্যারের কথা হামরা ভুলবার পামো না। স্যারের কথাত সউক রাস্তাত গাছ নাগাছি। এলা সোবায় মিলি নিজের সন্তানের মতো গাছগুলার যত করিছি। গাছগুলা বড় হইলে হামারে কামোত নাগবে।’
রংপুর-দিনাজপুর মহাসড়কের ১৩ মাইল নামক স্থানে ইউএনও জিলুফা সুলতানাকেও গাছের চারায় খুঁটি বাঁধতে দেখা গেল। এ সময় তিনি প্রথম আলোকে বলেন, ‘তারাগঞ্জবাসীকে অভিনন্দন, সালাম ও কৃতজ্ঞতা জানাই। তাঁদের রোপণ করা আড়াই লাখ চারা এখন আড়াই লাখ প্রাণ। এসব প্রাণ রক্ষার পূর্ণ পরিকল্পনা, প্রস্তুতি আমাদের আছে।’ তারাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, ‘যেভাবে তারাগঞ্জবাসী এক ঘণ্টায় আড়াই লাখ চারা রোপণ করেছে, সেভাবেই এগুলোর পরিচর্যায়ও অংশ নিচ্ছে তারা।’