এবার পাঁচ নাট্যকর্মীর ডিএনএ পরীক্ষার জন্য রক্ত নিল সিআইডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ঘটনায় এবার ডিএনএ পরীক্ষার জন্য পাঁচ নাট্যকর্মীর রক্ত নিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাঁরা সবাই ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সদস্য। গত বুধবার রাজধানীর মালিবাগে সিআইডির ফরেনসিক দপ্তরে তাঁদের ডেকে রক্ত নেওয়া হয়।
সিআইডি সূত্রে জানা যায়, মে মাসে তনুর পোশাকে পাওয়া নমুনা থেকে তিনজনের ডিএনএ প্রোফাইল পাওয়া গেছে বলে প্রতিবেদন দেওয়া হয়। মামলা-সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, তার সঙ্গে এ পর্যন্ত অন্তত ১৫ জনের ডিএনএ প্রোফাইল মেলানো হয়েছে। কিন্তু এসব পরীক্ষায় কোনো ফল আসেনি বলে সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। সর্বশেষ বুধবার থিয়েটারের পাঁচ সদস্যকে ফরেনসিক ল্যাবে নিয়ে জিজ্ঞাসাবাদের পর ডিএনএ পরীক্ষার জন্য তাঁদের রক্ত নেওয়া হয়।
মে মাসে তনুর মা আনোয়ারা বেগম নিজের মেয়ের হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে সেনাবাহিনীর যে দুজন সদস্যের নাম বলেছিলেন, তাঁদের ডিএনএ নমুনা এখনো মেলাতে পারেনি সিআইডি। তনুর মা সার্জেন্ট জাহিদ ও সিপাহি জাহিদের নাম বলেছিলেন। তাঁদের বাসায় তনু টিউশনি করতেন।
গত ১৭ মার্চ রাতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নাট্য সংগঠন কলেজ থিয়েটারের পালাবদল উপলক্ষে শ্রীমঙ্গলে যান তনুসহ অন্তত ৫০ জন নাট্যকর্মী। সেখান থেকে ১৯ মার্চ মধ্যরাতের দিকে কুমিল্লা সেনানিবাসের পাওয়ার হাউস-সংলগ্ন আবাসিক কোয়ার্টারে ফেরেন তনু। পরদিন ২০ মার্চ রাত সাড়ে ১১টায় সেনানিবাসের একটি ঝোপের মধ্যে তাঁর লাশ পাওয়া যায়। শ্রীমঙ্গলে দল বেঁধে তোলা ছবিতে তনুর কাছাকাছি যাঁরা বসেছিলেন, তাঁদের মধ্যে কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে পরীক্ষার জন্য নেওয়া হয়।
এ প্রসঙ্গে জানতে মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির সহকারী পুলিশ সুপার জালাল উদ্দীন আহমেদ মুঠোফোনে গতকাল রোববার রাতে প্রথম আলোকে বলেন, থিয়েটারের পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি কার্যালয়ে নেওয়া হয়েছিল। তবে রক্ত নেওয়া ও ডিএনএ প্রোফাইল মেলানো প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
তনুর লাশ উদ্ধারের পরদিন তাঁর বাবা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এ পর্যন্ত তিনবার বদল করা হয়েছে। এখনো এ হত্যা রহস্যের কোনো কিনারা হয়নি।