এবার পাটগ্রামে চারটি 'বোমা মেশিন' ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালনিরহাটের পাটগ্রামে ধরলা নদীতে গত মঙ্গলবার অভিযান চালিয়ে চারটি ‘বোমা মেশিন’ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় পাথরবোঝাই একটি ট্রাক ও একজনকে আটক করে পুলিশ। পরে ওই ব্যক্তিকে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইউএনও ও নির্বাহী হাকিম নূর কুতুবুল আলমের নেতৃত্বে একদল পুলিশ নিয়ে ভ্রাম্যমাণ আদালত গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রামদয়ালের গ্রামের ধরলা নদীতে বোমা মেশিন উচ্ছেদে অভিযান চালান। সেখানে চালু অবস্থায় দুটি বোমা মেশিন ও যন্ত্রাংশ জব্দ করা হয়। এরপর পাটগ্রাম ইউনিয়নের কাউয়ামারী গ্রামের ধরলা নদীতে অভিযান চালানো হয়। সেখানে মেশিন-মালিকদের অভিনব কৌশলে বালুস্তূপে গর্ত করে এর নিচে লুকিয়ে রাখা দুটি মেশিন জব্দ করা হয়। পরে জব্দ করা চারটি বোমা মেশিনের যন্ত্রাংশ নষ্ট করে ওই পাথরের গভীর খাদে ফেলে ধ্বংস করা হয়। অভিযান শেষে সড়কে একটি ট্রাকে পাথর বোঝাই করার সময় পাথরসহ ট্রাকটি আটক ও পাথর ব্যবসার সঙ্গে জড়িত আজিজুল হক নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে জব্দ করা ট্রাকটিসহ আটক ব্যক্তিকে থানায় নেওয়া হয়। গতকাল বুধবার আজিজুল হককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে পুলিশ। এ সময় আদালত তাঁকে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ইউএনও নূর কুতুবুল আলম বলেন, যত কৌশল করুন না কেন মেশিন-মালিকেরা, বোমা মেশিন যেখানে, ভ্রাম্যমাণ আদালতের অভিযান সেখানে। এসব অবৈধ মেশিন উচ্ছেদ অভিযান দিনে ও রাতে জোরদার করা হয়েছে। নদীর সব মেশিন উচ্ছেদের জন্য জেলা ও উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।