এবার পানি পান করে তিন শতাধিক শ্রমিক অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার পানি পান করে অসুস্থ হয়ে পড়েন আশুলিয়ার জামগড়া এলাকার দি রোজ ড্রেসেস নামের পোশাক কারখানার তিন শতাধিক শ্রমিক।

এর আগে গত শুক্রবার রাতে নাশতা খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন ওই কারখানারই প্রায় ১০০ শ্রমিক। এ ঘটনায় গতকাল রোববার কারখানাটি ছুটি ঘোষণা করা হয়। শনিবারও কারখানাটি বন্ধ ছিল। নাশতা ও পানিতে বিষক্রিয়ার কারণে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়তে পারেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তবে কোনো শ্রমিকের অবস্থাই সংকটজনক নয় বলে তাঁরা মন্তব্য করেন।

ঘটনার প্রতিবাদে এবং অসুস্থদের হাসপাতালে স্থানান্তরে দেরি হওয়ায় সুস্থ শ্রমিকেরা কারখানার ভেতরে ভাঙচুর করেন। এ সময় অন্য কারখানার শ্রমিকেরাও বাইরে থেকে কারখানাটিতে হামলা চালান।

পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে কর্মস্থলে উপস্থিত হয়ে অধিকাংশ শ্রমিক কাজে যোগ দেন। কিছু শ্রমিক গত শুক্রবার নাশতা খেয়ে অসুস্থ হওয়ার ঘটনা তদন্তে ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছিলেন। কাজ শুরুর ঘণ্টা খানেক পরে সকাল সাড়ে নয়টার দিকে কয়েক শ শ্রমিক পর্যায়ক্রমে কারখানার পানি পান করেন। এর কয়েক মিনিটের মধ্যেই তাঁরা অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থ শ্রমিকদের চিকিৎসার জন্য স্থানীয় নারী ও শিশুস্বাস্থ্যকেন্দ্র, নাইটিঙ্গেল মেডিকেল কলেজ হাসপাতাল, ডক্টরস ক্লিনিক, ল্যাবজোনসহ সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসব হাসপাতালে চিকিৎসার জন্য কমপক্ষে ৩৫০ জনকে ভর্তি করা হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক আশরাফুল ইসলাম, রেশমা ও কোহিনুর আক্তার বলেন, সকাল সোয়া নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে তাঁরা পানি পান করেন। পানি পান করার পাঁচ থেকে ২০ মিনিটের মধ্যে তাঁদের গলা থেকে পেট পর্যন্ত প্রচণ্ড জ্বালাপোড়া শুরু হয়। তাঁরা বমি করতে থাকেন এবং অনেকে অচেতন হয়ে পড়েন।

শ্রমিকদের অনেকে অভিযোগ করেন, ষড়যন্ত্র করে পানির সঙ্গে কিছু মেশানোর কারণেই সেই পানি খেয়ে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। তা ছাড়া এ অবস্থা হওয়ার কোনো কারণ আছে বলে তাঁরা মনে করেন না।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, পানিতে বিষক্রিয়ার কারণে শ্রমিকেরা তা পানের পর অসুস্থ হয়ে পড়তে পারেন। তবে কারও অবস্থাই আশঙ্কাজনক নয় বলে তিনি জানান।

একই রকম মন্তব্য করেন নারী ও শিশুস্বাস্থ্যকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক হারুন-অর-রশিদ। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর চিকিৎসা কর্মকর্তা মেহেদী হাসান বলেন, যেসব খাবার খেয়ে ও পানি পান করে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েন, সেসবের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজধানীর আইসিডিডিআরবিতে পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল পাওয়ার পর বোঝা যাবে খাদ্য ও পানিতে ঠিক কী ছিল।

শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, শ্রমিক অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পড়লে পাশের গ্রিল লাইফ ক্লোথিং নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা রোজ ড্রেসেসে হামলা চালান। তাঁরা ভেতরে ঢুকতে বাধা পেয়ে বাইরে থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এ সময় পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে কয়েকটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় এক পুলিশ সদস্যসহ কয়েকজন শ্রমিক আহত হন।

এর আগে রোজের শ্রমিকেরা কারখানার ভেতরে ভাঙচুর করেন। ঘটনার পর গ্রিল লাইফে ছুটি দিয়ে দেওয়া হয়। কথা বলার জন্য গতকাল কারখানাটির মালিক আতিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। তিনি বাংলাদেশ তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠনের (বিজিএমইএ) সভাপতি।

বিজিএমইএর অতিরিক্ত সচিব মো. হায়দার বলেন, ঠিক কী কারণে নাশতা খেয়ে ও পানি পান করে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েন, তা এই মুহূর্তে বলা মুশকিল। এ জন্য তদন্ত প্রয়োজন। রাতের পালার কাজ করার সময় গত শুক্রবার কলা, কেক ও ডিম খেয়ে কারখানাটির প্রায় ১০০ শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। সুস্থ হয়ে গতকাল কাজে যোগ দিয়ে তাঁদের অনেকেই পানি পান করে আবার অসুস্থ হয়ে পড়েন।